গত সোমবার পূর্ব দিল্লির প্রীত বিহারে ঘটল এক বিরল দুর্ঘটনা। মহিন্দ্রার শোরুম থেকে একেবারে নতুন মাহিন্দ্রা থার SUV কিনেছিলেন ২৯ বছরের মানি পাওয়ার নামে এক মহিলা। কিন্তু গাড়ি হাতে পাওয়ার আনন্দ মুহূর্তে বদলে গেল আতঙ্কে।
ধর্মীয় রীতি মেনে গাড়ির টায়ারের নিচে লেবু পিষে দেওয়ার কথা ছিল। সেই সময়ই ঘটে বিপত্তি। ভুল করে ব্রেকের বদলে চাপ পড়ে অ্যাক্সিলারেটরে। মুহূর্তের মধ্যেই থার সোজা শোরুমের দোতলার কাচের দেওয়াল ভেঙে নিচে ধপাস!
গাড়িটি সম্পূর্ণ উলটে যায়, পাশাপাশি একটি বাইকও ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যবশত ভিতরে থাকা মহিলা এবং শোরুমের কর্মী দুজনেই বড় ধরনের আঘাত পাননি। এয়ারব্যাগ খোলায় প্রাণে বেঁচে যান তাঁরা। স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পরেই চারপাশে ব্যাপক শোরগোল। নিচে ভেঙে পড়া চুরমার গাড়ির ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায় শোরুমের সামনে উলটে থাকা মাহিন্দ্রা থার ঘিরে জমে গেছে ভিড়।
অভিযোগ বা মামলা এখনও দায়ের হয়নি। তবে নতুন গাড়ির প্রথম দিনেই এমন দুর্ঘটনা নিঃসন্দেহে শোরুম কর্তৃপক্ষ ও ক্রেতা, দু’পক্ষকেই শিহরিত করেছে।







