বর্তমানে আন্তর্জাতিক মহলে চরম চর্চা চলছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে। পাশাপশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া শুল্কনীতির জন্য ভারতের বাণিজ্যমহলে ক্ষোভ চরমে উঠেছে। বিশেষ করে রাজস্থানের রপ্তানিতে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। প্রতি বছর এই রাজ্য থেকে প্রায় ১৭ হাজার কোটি টাকার পণ্য আমেরিকায় যায়। যার মধ্যে রয়েছে চামড়া, রত্নালঙ্কার, হস্তশিল্প, আসবাবপত্র ও তথ্যপ্রযুক্তি খাতের পণ্য।
নতুন নীতিমালা অনুযায়ী, আমেরিকায় রপ্তানিকৃত ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যার ফলে রপ্তানি বাণিজ্যে বড় ধাক্কা খাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যেই জয়পুরের রাজাপার্ক চকে প্রতিবাদ মিছিল হয়। সেখানেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কুশপুতুল দাহ করা হয়। একইসঙ্গে মার্কিন পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে।
রাজস্থানের যোধপুর থেকে প্রতি বছর কমপক্ষে ২ হাজার ৫০০ কোটি টাকার আসবাবপত্র ও ধাতব সামগ্রী আমেরিকায় পাড়ি দিয়েছে। বিকানিরের সুতো, উদয়পুরের কোয়ার্টজ, কোটার পাথর। এছাড়াও হাদোরির দুগ্ধশিল্পও মার্কিন বাজারনির্ভর। ব্যবসায়ীদের অনুমান করছে, আগামী ২৮ শে আগস্ট থেকে শুল্ক কার্যকর হলে মার্কিন ক্রেতারা ব্যাপক হারে অর্ডার বাতিল করতে পারে। তার জন্য রাজস্থানের প্রায় ৭ লক্ষ পরিবার অনিশ্চয়তার মুখে পরবে আশঙ্কা করা হচ্ছে। বিকল্প বাজার খুঁজে পাওয়া যে দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, তা নিয়ে উদ্বেগ ক্রমশ বৃদ্ধি হচ্ছে।







