বেহালার পর্ণশ্রী থানার অন্তর্গত বাহাদুর পুকুরের ধারে ভোরবেলায় এক সদ্যজাত শিশুর দেহ পড়ে থাকতে দেখা যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। রবিবার সকাল সকাল এলাকার কয়েকজন বাসিন্দা প্রথমে মৃতদেহটি দেখতে পান। প্রথমে বিষয়টি অনুধাবন করতে না পারলেও, কাছে যেতেই বুঝতে পারেন এটি একটি সদ্যোজাত শিশুর দেহ! এরপরই দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এই খবর। মুহূর্তেই ভিড় জমে যায় ঘটনাস্থলে। চারপাশে চরম উত্তেজনার সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার পুলিশ। শিশুটির দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও, কে বা কারা শিশুটিকে এখানে ফেলে রেখে গিয়েছে, তা ঘিরে তৈরি হয়েছে রহস্য। এলাকার কেউ জড়িত, না কি বাইরের কেউ এসে দেহটি ফেলে রেখে গিয়েছে—তা জানতেই এখন তৎপর পুলিশ।
ঘটনাকে ঘিরে তোলপাড় এলাকায়। বাসিন্দাদের দাবি, এই ধরনের নৃশংস ঘটনা আগে কখনও দেখেননি তাঁরা। পুলিশ ইতিমধ্যেই এলাকায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে আশেপাশের সিসিটিভি ফুটেজও। পাশাপাশি, স্থানীয় কোনও নার্সিংহোম বা স্বাস্থ্যকেন্দ্র থেকে সদ্যজাতটি এসেছে কিনা, বা এর নেপথ্যে কোনও বেআইনি গর্ভপাত চক্র কাজ করছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনার তদন্তে এখন নেমেছে গোটা পর্ণশ্রী থানার টিম। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যত দ্রুত সম্ভব দোষীদের শনাক্ত করে আইনের মুখোমুখি আনার চেষ্টা চলছে।







