পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পর কেটে গিয়েছে বেশ কয়েক সপ্তাহ। এবার সংগঠনের কাজে মন দিতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলীয় সূত্রের খবর, খুব শীঘ্রই শুরু হতে পারে নতুন জাতীয় সভাপতির বাছাই প্রক্রিয়া। জুনের মাঝামাঝি এই প্রক্রিয়া আনুষ্ঠানিক রূপ পেতে পারে বলেও শোনা যাচ্ছে।
এর আগে বেশিরভাগ রাজ্যে সাংগঠনিক নির্বাচন সেরে ফেলেছে বিজেপি। উত্তরপ্রদেশে ৭০ জন জেলা সভাপতির নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। ফলে জল্পনা জোরদার, খুব তাড়াতাড়ি ঘোষণা হতে পারে নতুন সভাপতি।
জাতীয় সভাপতি পদে তিনজন হেভিওয়েট নেতা দৌড়ে আছেন বলে সূত্রের খবর। তাঁদের মধ্যে অন্যতম ধর্মেন্দ্র প্রধান—ওড়িশার ওবিসি নেতা, যিনি দলের সংগঠনে দক্ষ এবং কেন্দ্রীয় নেতৃত্বের ঘনিষ্ঠ। পাশাপাশি রয়েছেন শিবরাজ সিং চৌহান, যিনি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরও। এই দুই নেতারই প্রশাসনিক ও সংগঠনিক অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ।
দলের বর্তমান সভাপতি জেপি নাড্ডার মেয়াদ ২০২4 লোকসভা পর্যন্ত বাড়ানো হয়েছিল। ২০২৬ সালের বাংলা, অসমসহ একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটের আগে বিজেপি চাইছে একজন নতুন নেতা, যিনি দলের পুরনো সংগঠনকে নতুন দিশা দিতে পারবেন।
এদিকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যেও সভাপতি পরিবর্তনের সম্ভাবনা জোরাল। জাতপাত, এলাকা এবং সম্প্রদায়ের ভারসাম্য রেখে নাম চূড়ান্ত করতে চাইছে গেরুয়া শিবির।
বলে রাখা ভাল, নেতৃত্বে রদবদলের মাধ্যমে সংগঠনের ভিত আরও শক্ত করেই ২০২৬ এর প্রস্তুতি নিচ্ছে বিজেপি।







