গুরুতর সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে আপাতত ঘরবন্দী বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। রবিবার নিজের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি, যেখানে দেখা যায় কাশতে কাশতে ভেপার নিচ্ছেন অভিনেত্রী। ভিডিওটি ধারণ করেছেন তাঁর স্বামী জাহির ইকবাল। তবে অসুস্থ অবস্থায় ভিডিও করা নিয়ে বিরক্তিও প্রকাশ করেন সোনাক্ষী।
অভিনেত্রীর টেবিলে ছড়িয়ে ছিটিয়ে ছিল বিভিন্ন ওষুধ। জ্বর-সর্দি কমছে না দেখে চিকিৎসকের পরামর্শে কোভিড-১৯ টেস্ট করান সোনাক্ষী। পরে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের স্বাস্থ্য সংক্রান্ত আপডেট দিয়ে জানান, কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। সাম্প্রতিক সময়ে আবারও কোভিডের প্রভাব বৃদ্ধি পাওয়ায় অনুরাগীদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়। তবে রিপোর্ট নেগেটিভ আসায় সবাই এখন কিছুটা স্বস্তিতে।
প্রসঙ্গত, সোনাক্ষী সিনহাকে শীঘ্রই দেখা যাবে ‘নিকিতা রায়’ নামক একটি সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজে। এই সিরিজ পরিচালনা করছেন সোনাক্ষীর ভাই কুশ সিনহা। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন পরেশ রাওয়াল, অর্জুন রামপাল ও সুহেল নাইয়ার। অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনায় দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষারত।







