Uncategorized

বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস: রাইট টু লাইফ’, মুক্তি ৫ সেপ্টেম্বর

পরিচালক বিবেক অগ্নিহোত্রী তাঁর আসন্ন চলচ্চিত্রের নাম পরিবর্তন করে ‘দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস: রাইট টু লাইফ’ রেখেছেন। মঙ্গলবার এই পরিবর্তনের কথা ঘোষণা করেছেন তিনি, যা তাঁর ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
বিবেক অগ্নিহোত্রী তাঁর এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে একটি নতুন পোস্টার শেয়ার করে জানান, “বড় ঘোষণা: দ্য দিল্লি ফাইলস এখন দ্য বেঙ্গল ফাইলস। টিজার আসছে বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, দুপুর ১২টায়। ৫ সেপ্টেম্বর ২০২৫ এ মুক্তি পাচ্ছে বড় পর্দায়।” পোস্টারে ছবির পূর্ণ নাম ‘দ্য বেঙ্গল ফাইলস: রাইট টু লাইফ’ স্পষ্ট দেখা যাচ্ছে।
নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে পরিচালক বলেন যে মূলত ছবিটি বাংলা কেন্দ্রিক। প্রাথমিকভাবে ‘দ্য দিল্লি ফাইলস’ সিরিজের অংশ হিসেবে এটিকে পরিকল্পনা করা হলেও, দর্শক এবং অনুরাগীদের অনুরোধে নাম পরিবর্তন করা হয়েছে। তিনি জানান, “আমি যখন প্রকল্পটি তৈরি করতে শুরু করি, তখন আমরা ভেবেছিলাম যে আমরা দিল্লি ফাইলস নামে একটি চলচ্চিত্র এবং দ্বিতীয়টি বেঙ্গল চ্যাপ্টারের আদলে দুটি অংশের প্রকল্প করব। কিন্তু তারপর লোকে লিখতে শুরু করল এবং আমাকে এটাকে বেঙ্গল ফাইলস বানাতে বলল। তারপরে আমিও একটু গুণে দেখলাম যে ৯৯ জন আমাকে শিরোনাম পরিবর্তন করতে বলেছেন। তখনই আমার মনে হয়, কমিউনিকেশনে আটকে যাব কেন… এখন, এটি আরও অর্থবহ হয়ে উঠল।” তিনি আরও জানান যে দ্বিতীয় পর্বের নামও পরবর্তীতে পরিবর্তন করা হবে।
ধারণা করা হচ্ছে, এই চলচ্চিত্রটি ১৯৪০-এর দশকে বাংলায় ঘটে যাওয়া হিন্দু গণহত্যার উপর আলোকপাত করবে এবং সেই সময়ের রাজনৈতিক সিদ্ধান্তের সুদূরপ্রসারী প্রভাবগুলি তুলে ধরবে। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এবং অভিষেক আগরওয়াল ও পল্লবী জোশী প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী এবং গোবিন্দ নামদেব। চলচ্চিত্রটি ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ১২ জুন টিজার প্রকাশের পর ছবিটি নিয়ে দর্শকের প্রত্যাশা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.