রাজ্যজুড়ে ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে৷ বর্তমানে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় চল্লিশ হাজার ছাড়িয়েছে। অধিক ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলাতে। ইতিমধ্যেই নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেঙ্গি পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ দিলেন।
উল্লেখ্য, মুখ্যসচিবের নেতৃত্বে ডেঙ্গি নিয়ে নবান্নে ভার্চ্যুয়াল মাধ্যমে বৈঠক হয় গতকাল। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা-সহ স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তারা। বৈঠকে ভার্চ্যুয়াল মাধ্যমে যোগ দেন জেলাশাসক, মহকুমাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা পুলিস প্রশাসনের আধিকারিকেরাও। প্রশাসন সূত্রে খবর, বৈঠকে কালীঘাটের বাড়ি থেকে ফোনের মাধ্যমে যোগ দিয়েছিলেন মমতা। ডেঙ্গি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য মুখ্যসচিব-সহ বিভিন্ন দফতরের সচিবদের একাধিক পরামর্শ দেন তিনি, এমনটাই নবান্ন সূত্রের খবর।
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলায় ডেঙ্গি নিয়ন্ত্রণে তৃণমূল ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলে শুক্রবার মিছিলে সামিল হয় বিজেপি ও কংগ্রেস। স্বাস্থ্যভবন পৌঁছনোর আগেই মিছিল আটকে দেয় পুলিস। বাকবিতণ্ডা চলে। আবার অন্যদিকে, এই জোড়া নিম্নচাপের প্রভাবে ডেঙ্গু বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।






