দিল্লির ধাঁচে এবার বাংলাতেও ‘নমো ভারত’ পরিষেবা চালুর উদ্যোগ? রাজ্যে চারটি হাইস্পিড র্যাপিড ট্রানজিট করিডর তৈরির প্রস্তাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ইতিমধ্যেই এই সংক্রান্ত রিপোর্ট-সহ কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টরকে চিঠি দিয়েছেন তিনি।
শমীক ভট্টাচার্যের প্রস্তাবিত চারটি করিডরের মধ্যে রয়েছে কলকাতা-কল্যাণী-কৃষ্ণনগর-মায়াপুর, কলকাতা-বর্ধমান-দুর্গাপুর-আসানসোল, কলকাতা-ফলতা-ডায়মন্ড হারবার-হলদিয়া-নন্দীগ্রাম এবং কলকাতা-সাঁতরাগাছি-কোলাঘাট-খড়গপুর-মেদিনীপুর রুট।
প্রস্তাব অনুযায়ী, কলকাতা-কল্যাণী-কৃষ্ণনগর-মায়াপুর করিডরের দৈর্ঘ্য হবে প্রায় ১৩৫ কিলোমিটার। এই প্রকল্প বাস্তবায়িত হলে নদিয়া ও পার্শ্ববর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি উন্নয়নের গতিও বাড়বে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, ২৩২ কিলোমিটার দীর্ঘ কলকাতা-বর্ধমান-দুর্গাপুর-আসানসোল করিডরের মাধ্যমে রাজ্যের অন্যতম শিল্পাঞ্চল দুর্গাপুর ও আসানসোলকে কলকাতার সঙ্গে দ্রুত যোগাযোগ ব্যবস্থায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই রুটে মেট্রো সংযোগের প্রস্তাবও রাখা হয়েছে।
প্রস্তাবিত তৃতীয় করিডর কলকাতা-ফলতা-ডায়মন্ড হারবার-হলদিয়া-নন্দীগ্রাম। প্রায় ১০২ কিলোমিটার দীর্ঘ এই রুট দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মধ্যে যোগাযোগ আরও সহজ করবে। পাশাপাশি ময়দান থেকে বজবজ পর্যন্ত মেট্রো পরিষেবার সঙ্গে এর সংযুক্তির পরিকল্পনাও রয়েছে।
চতুর্থ করিডরটি কলকাতা-সাঁতরাগাছি-কোলাঘাট-খড়গপুর-মেদিনীপুর। প্রায় ১৩৫ কিলোমিটার দীর্ঘ এই রুটের মাধ্যমে হাওড়া ও পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করার লক্ষ্য রয়েছে।
শমীক ভট্টাচার্যের বক্তব্য, কলকাতা বাদ দিলে দুর্গাপুর, আসানসোল, খড়গপুর কিংবা হলদিয়ার মতো গুরুত্বপূর্ণ শিল্পশহরগুলির সঙ্গে দ্রুত যোগাযোগের পরিকাঠামো এখনও পর্যাপ্ত নয়। বর্তমানে মূলত রেল ও জাতীয় সড়কের উপরেই নির্ভর করতে হয়। তাঁর মতে, প্রস্তাবিত চারটি করিডর তৈরি হলে যাতায়াতের গতি বাড়ার পাশাপাশি শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসতে পারে।
শমীকের আরও যুক্তি, জাতীয় সড়ক এবং রেলপথের সমান্তরালে এই করিডরগুলি তৈরি করা গেলে নতুন করে জমি অধিগ্রহণের প্রয়োজন তুলনামূলকভাবে কম হতে পারে। সেই কারণেই কেন্দ্রীয় এনসিআরটিসির আদলে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে ‘ওয়েস্ট বেঙ্গল র্যাপিড ট্রানজিট কর্পোরেশন’ নামে একটি বিশেষ সংস্থা তৈরির প্রস্তাব দিয়েছেন তিনি। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক তাঁর প্রস্তাবটি বিবেচনা করুক, সেটাই এখন তাঁর প্রত্যাশা।







