জেলারাজনীতি

দলবদলের পরেই কুরুচিকর আক্রমণ, কুশপুতুল দাহে তোলপাড় পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুরে তৃণমূলে যোগ দেওয়ার পরেই কুরুচিকর আক্রমণের শিকার হলেন প্রাক্তন বিজেপি নেত্রী সঙ্গীতা আদক মাইতি। শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির এই সভানেত্রীকে ‘চরিত্রহীন’ আখ্যা দেওয়ার অভিযোগে রাজনৈতিক মহলে তীব্র নিন্দার ঝড় উঠেছে।

গত বৃহস্পতিবার বিজেপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন সঙ্গীতা। এর পরেই বিজেপি নেতাদের তরফে তাঁর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই শনিবার সাংবাদিক সম্মেলন করে সঙ্গীতা ও তাঁর স্বামী তমলুক থানায় লিখিত অভিযোগ জানান। স্বামীর দাবি, জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুচ্ছাইতকে মন্তব্যের প্রমাণ দিতে হবে, অন্যথায় আইনি নোটিশ পাঠানো হবে।

তৃণমূলের অভিযোগ, এরই মধ্যে বিজেপি কর্মীরা সঙ্গীতার কুশপুতুল দাহ করে ও তাঁর ছবিতে জুতো মেরে মিছিল করেন। মিছিলে কুরুচিকর প্ল্যাকার্ডও দেখা যায়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শাসকদলের পক্ষ থেকে মেচেদায় পাল্টা প্রতিবাদ মিছিল হয়।

তৃণমূল নেতা অসীত বন্দ্যোপাধ্যায় বলেন, “সঙ্গীতা বিজেপিতে থাকাকালীন ভালোই ছিলেন, তৃণমূলে এলেই খারাপ হয়ে গেলেন? একজন মহিলার সঙ্গে এভাবে আচরণ করা লজ্জাজনক। ঈশ্বর বিজেপিকে ক্ষমা করুন।”

অন্যদিকে বিজেপির জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুচ্ছাইত অভিযোগ করেছেন, “সঙ্গীতা আদক নিজেই দলের থেকে দূরত্ব তৈরি করেছিলেন। তৃণমূল নেতাদের সঙ্গে দরজা বন্ধ করে সময় কাটাতেন। পাশাপাশি আর্থিক দুর্নীতির সঙ্গেও তিনি জড়িত।”

এই বিষয়ে সঙ্গীতা পাল্টা বলেন, “ওঁর ভাষাই ওঁর চরিত্রকে প্রকাশ করছে। আমি আর কোনও মন্তব্য করব না।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেলা পঞ্চায়েত স্তরে এই বিরোধ কেবল দলবদল নয়, নারী রাজনীতিকদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের চিত্রও স্পষ্ট করে তুলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.