বাংলাদেশের কূটনৈতিক মহলে ফের বিতর্ক। বিদেশে বাংলাদেশের দূতাবাস, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও সরকারি বাসভবন থেকে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে ঢাকা। তবে আশ্চর্যের বিষয়, এই নির্দেশের কোনও লিখিত আদেশ নয়, শুধুমাত্র ‘মৌখিক বার্তা’ই দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে।
কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে টেলিফোনে জানানো হয়, সব জায়গা থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নিতে হবে। এমনকি দায়িত্বপ্রাপ্তদের বলা হয়, তাঁরা যেন অন্য মিশনকেও এই নির্দেশের কথা জানান। তবে এখনও দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বেশ কয়েকটি মিশনে এ ধরনের বার্তা পৌঁছায়নি।
এক জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশে অনিচ্ছুক থেকে জানান, “সদর দপ্তর থেকে কোনও লিখিত নির্দেশ আসেনি। তবে ইঙ্গিতটা স্পষ্ট—আমাদের সেটা বুঝতে হবে।” তাঁর কথায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরানো হয়েছিল। পরবর্তী সময়ে একাধিক বৈঠকে দেখা যায়, বিদেশ মন্ত্রক নিজস্ব কার্যালয়েও কোনও ব্যক্তির ছবি রাখেনি। সেটাই মূল সংকেত। কয়েক মাস আগেই অনেক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছিল বলে দাবি তাঁর।
ইউনুস সরকারের নেওয়া নতুন নীতি অনুযায়ী, বাংলাদেশ এখন ‘জিরো পোর্ট্রেট’ পথে হাঁটছে। অর্থাৎ কোনও ব্যক্তি—রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী—কারও ছবি কূটনৈতিক ভবনে থাকবে না। তবে প্রশ্ন উঠছে, লিখিত আদেশ না দিয়ে শুধুই মৌখিক নির্দেশ কেন? এতে প্রশাসনিক বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেই মনে করছেন অনেক কূটনীতিক।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ প্রতীকী হলেও বাংলাদেশের নতুন রাজনৈতিক দর্শনের প্রতিফলন। ব্যক্তিনির্ভর রাজনীতির পরিবর্তে প্রাতিষ্ঠানিক পরিচয় তুলে ধরতেই এমন নীতি গ্রহণ করেছে সরকার। তবে বিরোধীদের অভিযোগ, লিখিত আদেশ এড়িয়ে যাওয়া সরকারের অনিশ্চয়তা এবং দ্বিধারই বহিঃপ্রকাশ।







