মুন্সিগঞ্জ: স্ত্রী সন্তান ও সম্পত্তি নিয়ে সংসার ছেড়ে চলে গিয়েছেন। সঙ্গে নিয়ে গিয়েছেন সোনার গয়না ও নগদ লক্ষাধিক টাকা। গ্রামের লোকের কটূক্তি, একাকিত্ব, মানসিক আঘাত—সব মিলিয়ে একসময় জীবন শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি। কিন্তু সেই অন্ধকার ভেদ করে নতুনভাবে বাঁচার সিদ্ধান্ত নিলেন কামাল হোসেন (৩৯)। আর সেই বিয়েকে ঘিরেই তৈরি হল অনন্য নজির। নববধূকে ঘরে তুলতে হেলিকপ্টার চড়ে ফিরলেন তিনি!
ঘটনা বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার কাঠাদিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় বেসরকারি সার্ভেয়ার ও জমির ব্যবসায়ী কামালের প্রথম বিয়ে হয়েছিল ১০ বছর আগে। সংসারে রয়েছে দুই কন্যা—একজনের বয়স ৮, অন্যজন মাত্র ২ বছর। কিন্তু সম্প্রতি স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান মুন্সিগঞ্জ শহরের এক বিবাহিত ব্যক্তি। গত ১০ আগস্ট স্ত্রী ঘর ছেড়ে চলে যান। সঙ্গে নিয়ে যান দুই মেয়ে, ৯ ভরি সোনা ও নগদ ৬ লক্ষ ৭০ হাজার টাকা। পরে কামালকে তালাক দেন তিনি।
এই ঘটনায় চরম মানসিক বিপর্যয়ে পড়েছিলেন কামাল। গ্রামের অনেকেই তাঁকে বিদ্রুপ করতে শুরু করেন। ঠিক সেই সময় পাশে দাঁড়ান একই গ্রামের তরুণী নূপুর আক্তার (২৪)। তিনিই কামালকে নতুনভাবে জীবন শুরু করার সাহস দেন।
শুক্রবার দুপুরে নূপুরকে বিয়ে করেন কামাল। এরপর হেলিকপ্টারে চড়ে নববধূকে নিয়ে ফেরেন বাড়ি। গোটা গ্রামে এই বিয়ে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়। বিয়ের অনুষ্ঠানে দুই কন্যাকেও নিজের কাছে নিয়ে এসেছিলেন কামাল।
নতুন জীবনের শুরুতে আবেগপ্রবণ কামাল বলেন,
“স্ত্রী ঘর ছেড়ে যাওয়ার পর ভেবেছিলাম আর বাঁচব না। কিন্তু নূপুর ও তাঁর পরিবার ভালোবাসা দিয়ে আমাকে জীবনের নতুন পথ দেখিয়েছে। প্রথম স্ত্রীকে হেলিকপ্টারে ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। সে চলে গেছে। নূপুর সব জেনেশুনেই আমাকে বিয়ে করেছে। তাই তাঁকে সম্মান জানাতেই হেলিকপ্টারে করে ঘরে এনেছি।”
মুন্সিগঞ্জের কাঠাদিয়া গ্রামের এই ব্যতিক্রমী বিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু।







