২০১৭ সালে ইয়েমেনে একজন স্থানীয় ব্যবসায়ীকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার ফাঁসির তারিখ (১৬ জুলাই) আপাতত স্থগিত হয়েছে। নতুন করে আলোচনার দরজা খুলে গেছে। দেশজুড়ে আশার আলো ছড়িয়েছে।
কী ঘটেছে?
কেরালার বাসিন্দা নার্স নিমিষা প্রিয়া ইয়েমেনে কর্মরত থাকাকালীন তার ব্যবসায়িক সঙ্গী তালাল আবদো মাহদি-কে হত্যার অভিযোগে ২০২০ সালে মৃত্যুদণ্ড পান। অভিযোগ, মাহদিকে কেটামিন ইনজেকশন দিয়ে হত্যা করেন তিনি। তবে নিমিষার পরিবার জানিয়েছে, মাহদি তাকে প্রতারণা করে স্ত্রীর পরিচয়ে আটকে রেখেছিল, পাসপোর্ট জব্দ করেছিল এবং দীর্ঘদিন ধরে নির্যাতন চালিয়ে আসছিল।
শেষ মুহূর্তে আশার আলো
ভয়ংকর পরিণতি থেকে বাঁচাতে সেভ নিমিষা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল কূটনৈতিক ও মানবিক স্তরে ব্যাপক উদ্যোগ নিয়েছে। ইয়েমেনে এখন আলোচনার চেষ্টা চলছে — যার মূল লক্ষ্য, ভুক্তভোগীর পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা এবং “ব্লাড মানি” অর্থাৎ আর্থিক ক্ষতিপূরণ দিয়ে ফাঁসি এড়ানো।
মধ্যস্থতাকারী হিসেবে ভারতের গ্র্যান্ড মুফতি
এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ভারতের গ্র্যান্ড মুফতি কান্তাপুরম এ. পি. আবু বক্কর মুসালিয়ার। তার প্রতিনিধিরা ইতিমধ্যেই মৃত তালাল মাহদির পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। উল্লেখযোগ্যভাবে, এই প্রথম মৃতের একজন নিকটাত্মীয় আলোচনায় অংশ নিয়েছেন।
অর্থ সহায়তায় এগিয়ে আসছেন বিশিষ্টজনেরা
সৌদি আরবে এক ভারতীয় বন্দিকে মুক্ত করার কাজেও যুক্ত একটি ট্রাস্ট এবারও ১১ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে।
ব্যবসায়ী এম. এ. ইউসুফ আলী ও ববি কেমেনুর ১-১ কোটি টাকার সহায়তা দিতে প্রস্তুত।
অনেকে বিশ্বাস করছেন, পরিবার যদি আর্থিক ক্ষতিপূরণ নিতে রাজি হয়, তাহলে তহবিল সংগ্রহ কোনও বড় চ্যালেঞ্জ হবে না।
ভারত সরকারের ভূমিকা
ভারতের অ্যাটর্নি জেনারেল আর. ভেঙ্কটরামানি সুপ্রিম কোর্টকে জানিয়েছেন যে ভারত তার সব কূটনৈতিক পথ চেষ্টা করেছে। আদালত আবেদনকারীদের ১৮ জুলাই পর্যন্ত সময় দিয়েছে যেন তারা পরিবারকে বোঝাতে পারেন। এ মুহূর্তে নিমিষার মা এবং একজন সমাজকর্মী ইয়েমেনে রয়েছেন।
চূড়ান্ত সিদ্ধান্ত এখন ভুক্তভোগীর পরিবারের হাতে
ইসলামিক শরিয়া অনুযায়ী, ভুক্তভোগীর পরিবার চাইলে শর্তহীনভাবে কিংবা ক্ষতিপূরণ নিয়ে ক্ষমা করতে পারে। এই মুহূর্তে ভারতের নজর এই পারিবারিক সিদ্ধান্তের দিকেই।
এই ঘটনার ভবিষ্যৎ কী হবে, তা নির্ভর করছে শেষ মুহূর্তের আলোচনার সাফল্যের ওপর। মানবিকতার ভিত্তিতে কি মিলবে ক্ষমা? নিমিষা প্রিয়ার জীবন কি বাঁচবে? নজর রাখুন আমাদের পোর্টালে।







