বৃহৎ সিদ্ধান্ত শরদ পাওয়ারের। এবার এনসিপি প্রধানের পদ থেকে বিদায় নেওয়ার কথা ঘোষণা করলেন শরদ। সম্প্রতি, শরদ পাওয়ারকে নিয়ে একাধিক জল্পনা রটেছিল দেশীয় রাজনীতিতে। বিজেপির সঙ্গে এনসিপির জোট নিয়ে বিভিন্ন জল্পনা চলছিল। আদানিকে প্রকাশ্যে সমর্থন করা নিয়েই শরদ পাওয়ারকে নিয়ে বিতর্কের সূত্রপাত ঘটে।
এদিন মুম্বইতে নিজের আত্মজীবনি প্রকাশের অনুষ্ঠানে এহেন মন্তব্য করেন শরদ। এদিকে অডিটোরিয়ামে হাজির এনসিপি কর্মী-সমর্থকরা শরদ পাওয়ারের ঘোষণায় স্তম্ভিত হয়ে যান। তাঁরাও সরব হন। শরদ পাওয়ারকে এই সিদ্ধান্ত বদলের আর্জি করতে থাকেন। তবে শরদ পাওয়ার নিজের সিদ্ধান্তেই ঠিক থাকেন। তাঁর কথায়, একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটি সিদ্ধান্ত নেবে যে তাঁর অবর্তমানে কে দলের সর্বভারতীয় সভাপতি হবেন।
বক্তৃতায় শরদের উবাচ, ‘আমি জানি কোন সময়ে থামতে হয়।’ দলের পরবর্তী প্রেসিডেন্ট নিয়োগ করতে বিশেষ প্যানেল গঠন করেছে এনসিপি, এমনটাই সূত্রের খবর।







