ভূতের জগৎ থেকে বেরিয়ে আবারও হরর-কমেডির দুনিয়ায় ফিরছেন আয়ুষ্মান খুরানা। ‘ড্রিম গার্ল ২’-এর সাফল্যের পর এবার বড়পর্দায় তাঁকে দেখা যাবে ‘থামা’ ছবিতে, যা পরিচালনা করছেন আদিত্য সতপোদার। দীনেশ ভিজনের হরর-কমেডি ইউনিভার্সের অংশ এই ছবি মুক্তি পাবে ২০২৫ সালের দীপাবলিতে। এই হরর-কমেডির পরেই ২০২৬ সালে আসছে আয়ুষ্মানের পরবর্তী ছবি এক ঝকঝকে স্পাই-কমেডি, যেখানে তাঁর সঙ্গে জুটি বাঁধছেন সারা আলি খান। ধর্মা প্রোডাকশনের এই প্রজেক্টে থাকবে অ্যাকশন আর কৌতুকের এক দুর্দান্ত মিশ্রণ। সূত্রের খবর অনুযায়ী, ছবিটি হবে রোমাঞ্চকর এবং একইসঙ্গে হাস্যরসপূর্ণ, যা দর্শকদের মন জয় করবে বলেই আশা।
তবে এখানেই শেষ নয়। আরও একটি নতুন কমেডি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আয়ুষ্মান খুরানা। প্রযোজনায় থাকছেন ভূষণ কুমার ও জুনো চোপড়া, যারা এর আগে ‘পতি পত্নী ঔর ওহ’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ছবিটির ঘরানা হবে সিচুয়েশনাল ও স্ল্যাপস্টিক কমেডির মিশেল। আয়ুষ্মান নিজেই অনেকদিন ধরে এমন এক স্ক্রিপ্টের খোঁজে ছিলেন, আর এবার পছন্দের প্রজেক্ট পেয়ে গিয়েছেন তিনি। এই কমেডি ছবির শুটিং শুরু হবে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এবং শুটিং হবে একটানা, অর্থাৎ ‘স্টার্ট-টু-ফিনিশ’ শিডিউলে। ছবির নাম ও পরিচালকের পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি, তবে সূত্র জানাচ্ছে, একজন অভিজ্ঞ ও সফল কমেডি পরিচালকই থাকবেন পরিচালনার দায়িত্বে। নায়িকা সহ অন্যান্য চরিত্রে থাকবেন পরিচিত মুখ।
এই প্রজেক্ট শেষ হতেই আয়ুষ্মান ঝাঁপিয়ে পড়বেন সূরজ বরজাতিয়ার পারিবারিক ড্রামেডিতে। ২০২৫-এর নভেম্বর থেকে শুরু হবে এই ছবির শুটিং। বরজাতিয়ার বিখ্যাত ‘প্রেম’ ঘরানার ছায়া থাকবে এই ছবিতেও। আয়ুষ্মান নিজেই জানিয়েছেন,”পর্দায় ‘প্রেম’ হওয়া যেন এক স্বপ্নপূরণ।” সব মিলিয়ে বলিউডের পর্দায় আগামী দিনে আয়ুষ্মানের উপস্থিতি হতে চলেছে একেবারে রঙিন, মজাদার এবং পারিবারিক ছোঁয়ায় ভরা।







