তমলুক টাউন কো-অপারেটিভের পরিচালকমণ্ডলীর নির্বাচন ঘিরে প্রকাশ্যে এল তৃণমূল কংগ্রেসের অন্দরমহলের এক বিরল বিদ্রোহ। রাজ্য সভাপতি সুব্রত বক্সির মনোনীত ১২ জনের নামের তালিকাকে কার্যত অগ্রাহ্য করে মনোনয়ন জমা দিলেন তমলুক শহর তৃণমূল সভাপতি চঞ্চল খাঁড়া। শুধু তাই নয়, ওই মনোনয়নে তাঁর পাশে দাঁড়াতে দেখা গেল জেলার সাংগঠনিক সভাপতি সুজিত রায়কেও। এই দৃশ্য রীতিমতো অস্বস্তি তৈরি করেছে শাসকদলের অন্দরেই।
দলের রাজ্য স্তরের সিদ্ধান্তকে অমান্য করে এমন পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন তৃণমূলের রাজ্য যুব সহ-সভাপতি পার্থসারথী মাইতি। তাঁর অভিযোগ, এটা দলবিরোধী কাজ। একই সুরে বক্তব্য রেখেছেন জেলা চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ও। তিনি জানান, এই ঘটনা রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা।
ঘটনার তাৎপর্য আরও গভীর। কারণ, এই কো-অপারেটিভ নির্বাচনে আগে থেকেই দ্বন্দ্ব চলছিল চঞ্চল খাঁড়া ও কাউন্সিলর দেবশ্রী মাইতির মধ্যে। ১৮ই মে-র ঘটনার রেশ এখনও মিলিয়ে যায়নি। এবার সেই দ্বন্দ্ব আরও প্রকট হয়ে উঠল সুব্রত বক্সির প্রস্তাব অগ্রাহ্য করার ঘটনায়।
এই ‘অভ্যন্তরীণ বিদ্রোহে’র সুযোগ নিতে দেরি করেনি বিজেপিও। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বকে হাতিয়ার করে কটাক্ষ করেছে তারা।
একই সংগঠনের দুই নেতৃত্বের বিপরীত অবস্থান যে দলীয় শৃঙ্খলার বড় প্রশ্ন তুলে দিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রশ্ন উঠছে—তাহলে কি এবার তৃণমূলেই ‘প্যারালাল কম্যান্ড’?







