মুর্শিদাবাদের সাগরপাড়া থানার চর কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে বুধবার বিক্ষোভে সামিল হলেন স্থানীয় কৃষকরা। সকালে সীমান্ত এলাকায় জমি মাপজোকের কাজ শুরু হতে দেখে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। পরে সাহেবনগর বাজার এলাকায় শেখপাড়া-জলঙ্গী সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান কৃষকরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকায় বাংলাদেশ দিক থেকে গবাদি পশু ঢুকে নিয়মিত ফসলের ক্ষতি করছে। পাশাপাশি প্রস্তাবিত বেড়া জিরো লাইন মেনে না হলে বহু কৃষিজমি কাঁটাতারের ওপারে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে চাষের পাশাপাশি জমির নিরাপত্তাও বিঘ্নিত হবে বলে দাবি তাঁদের। কৃষকদের বক্তব্য, দেশের নিরাপত্তার স্বার্থে কাঁটাতারের বেড়া প্রয়োজন হলেও তা অবশ্যই জিরো লাইন অনুসরণ করেই দিতে হবে।
অবরোধের জেরে এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা। কৃষকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রায় ১৫ মিনিট পর প্রশাসনের মৌখিক আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কৃষকদের স্বার্থ ও সীমান্ত নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে জিরো লাইন মেনে দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।






