রাজনীতি

গ্রেপ্তারের খাঁড়া তৃণমূলে, এবার ধৃত কাউন্সিলর স্বপন সমাদ্দার

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। গ্রেপ্তার হচ্ছেন একাধিক জনপ্রতিনিধিও। এবার সেই তালিকায় যুক্ত হলেন কলকাতা পুরসভার ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন সমাদ্দার। মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভোট-পরবর্তী অশান্তি-সহ একাধিক অভিযোগের তদন্ত চলছে বলে জানা গিয়েছে।

মধ্য কলকাতার নারকেলডাঙা এলাকার কাউন্সিলর স্বপন সমাদ্দার কলকাতা পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদও ছিলেন। অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এলাকায় যে রাজনৈতিক সংঘর্ষ ও হিংসার ঘটনা ঘটেছিল, তাতে তাঁর নাম উঠে আসে। এছাড়াও ২০২২ সালে ওই এলাকায় আরেকটি গোলমালের ঘটনাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এক স্থানীয় মহিলা নারকেলডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বপন সমাদ্দারের বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে থাকা বিভিন্ন অভিযোগের বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। ধৃত কাউন্সিলরকে আদালতে পেশ করা হয়েছে।

এদিকে মঙ্গলবারই কলকাতায় আরও এক তৃণমূল কাউন্সিলর ও তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য এবং তাঁর স্বামী সলিল চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণা, হুমকি এবং মারধরের অভিযোগ উঠেছে।

পুলিশের দাবি, খিদিরপুর এলাকার এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর কাছ থেকে বিমার নাম করে প্রায় ২৫ লক্ষ টাকা এবং পরে আরও প্রায় ৫ লক্ষ টাকা নেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে সলিল চট্টোপাধ্যায় একটি বিমা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করতেন বলে জানা গিয়েছে। অভিযোগ, সেই পরিচয় ব্যবহার করেই জোরপূর্বক বিমা করানো হয়েছিল। পরবর্তীতে আরও অর্থ দাবি করা হলে অভিযোগকারী তা দিতে অস্বীকার করেন। এরপর তাঁকে প্রকাশ্যে মারধর ও অপমান করা হয় বলে অভিযোগ। এমনকি তাঁর প্রয়াত স্ত্রী ও বিবাহিত কন্যাকে নিয়েও কুরুচিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ঘটনাগুলিকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.