দীঘার জগন্নাথ ধাম ও ২১ জুলাইয়ের প্রস্তুতির প্রেক্ষাপটে পাঁশকুড়ার রাজনৈতিক ময়দানে দেখা গেল নাটকীয় মোড়। রবীন্দ্র-নজরুল মঞ্চে আয়োজিত তৃণমূলের বর্ধিত সভায় শুভেন্দু অধিকারীর গড়ে বিজেপির ভিত টলিয়ে বড়সড় ভাঙন ধরাল ঘাসফুল শিবির। পাঁশকুড়া ব্লক ও টাউনের শতাধিক বিজেপি কর্মী-সমর্থক এবং ১৩ জন নেতা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজিত রায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন।
এঁদের মধ্যে রয়েছেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির বিরোধী সদস্য নিরুপমা সাঁতরা, রঘুনাথবাড়ি মণ্ডলের বিজেপি সম্পাদক দেবদত্ত সাঁতরা, যুব মোর্চার সভাপতি সোমনাথ চক্রবর্তী-সহ একাধিক গুরুত্বপূর্ণ মুখ।
এই ঘটনাকে ঘিরে স্বভাবতই উচ্ছ্বসিত তৃণমূল শিবির। তাদের দাবি, শুভেন্দুর গড়ে এই ধাক্কা বিজেপির শক্তিক্ষয় আরও স্পষ্ট করে দিল। জেলা নেতৃত্বের মতে, “এই যোগদান আমাদের শক্তিকে আরও চাঙ্গা করবে ২১শে জুলাইয়ের আগে।”
তবে বিজেপি একে তাচ্ছিল্যের সুরেই উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, এই নামগুলো অনেক দিন ধরেই তৃণমূল ঘেঁষা ছিল, আর এখন ‘লোক দেখানো নাটক’ করা হচ্ছে।
তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, লোকদেখানো হোক বা বাস্তব, শুভেন্দুর গড়ে এই ভাঙন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আগাম নির্বাচনের আবহে এই যোগদান যে দুই শিবিরেই চাপ তৈরি করবে, তা বলাই যায়।







