জেলা

সাতসকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত ৯, শোকস্তব্ধ পুরুলিয়া ও ঝাড়খণ্ড

সাতসকালের স্তব্ধতা ভেঙে ভয়াবহ দুর্ঘটনায় কেঁপে উঠল পুরুলিয়ার বলরামপুর। বিয়েবাড়ি ফেরত একটি ছোট গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৯ জন যাত্রী। পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের নামশোল প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গিয়েছে, মৃতেরা সবাই ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসোওয়া জেলার নিমডি থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাঁরা বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ছোট গাড়িতে করে নিমডির উদ্দেশে রওনা দিয়েছিলেন। তখনই আচমকা সড়কের বাঁকে লরিটির সঙ্গে ভয়ানক সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ছোট গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়, লরিটিও উল্টে পড়ে রাস্তার ধারে। গাড়ির ভিতরে আটকে পড়ে যাত্রীদের মৃত্যু হয় ঘটনাস্থলেই।

খবর পেয়েই ছুটে আসে বলরামপুর থানার পুলিশ। ঘটনাস্থলে যান পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও। গুরুতর আহতদের বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ৯ জনকেই মৃত ঘোষণা করেন।

ঘাতক লরি ও ছোট গাড়িটিকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িক যানজট তৈরি হলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, মুষলধারে বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যাওয়াই দুর্ঘটনার প্রধান কারণ হতে পারে। পাশাপাশি ছোট গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ঝাড়খণ্ডের নিমডি সহ একাধিক গ্রামে। এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্থানীয় প্রশাসনও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.