বিশেষ প্রতিবেদন | ইশা ভক্ত: ইরান ও ইজরায়েলের মধ্যে বর্তমান সংঘর্ষ কি সীমিত বলয়ে আটকে থাকবে, নাকি এই সঙ্ঘাত ধীরে ধীরে রূপ নিতে চলেছে এক দীর্ঘমেয়াদী, ভয়ঙ্কর যুদ্ধের? প্রশ্ন উঠছে—আরও একটি গাল্ফ যুদ্ধের মুখে কি দাঁড়িয়ে বিশ্ব? বিশেষ করে যখন যুদ্ধের আড়ালে স্পষ্ট হয়ে উঠছে আমেরিকার প্রত্যক্ষ ভূমিকা, তখন এই আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ইতিহাসের ছায়ায় বর্তমান
১৯৮০ সালে ইরাক-ইরান যুদ্ধ দিয়েই শুরু হয় গাল্ফ অঞ্চলের অশান্ত অধ্যায়। সাদ্দাম হুসেনের শাসনকালে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে শুরু হয় ফার্স্ট গাল্ফ ওয়ার। আট বছর ধরে চলা সেই রক্তক্ষয়ী লড়াই থামে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপে। এর ঠিক দুই বছর পরেই কুয়েত আক্রমণ করে সাদ্দাম, শুরু হয় দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ। আমেরিকা ও তার মিত্রদের নেতৃত্বে শুরু হয় ‘অপারেশন ডেজার্ট স্টর্ম’। আবারও আগুন জ্বলে ওঠে তেলের বাজারে। সেই অগ্নি লেলিহান স্পর্শ করে ভারতের অর্থনীতিকেও। ১৯৯১ সালে ভারত দাঁড়িয়ে যায় অর্থনৈতিক দেউলিয়ার দোরগোড়ায়। তখন মাত্র তিন সপ্তাহের আমদানি বিল মেটানোর মতো বিদেশি মুদ্রা অবশিষ্ট ছিল।
ইতিহাস কি আবার ফিরে আসছে?
আজ, যখন ইরান বলছে তারা শুধু ইজরায়েল নয়, আমেরিকার ঘাঁটিগুলিকেও নিশানা করবে, তখন সেই পুরনো আশঙ্কা আবার ফিরে আসছে। ২০২০ সালে মার্কিন ড্রোন হানায় নিহত হন ইরানের রেভোলিউশনারি গার্ড বাহিনীর কমান্ডার কাসেম সোলেমানি। এবার আর সীমিত পাল্টা আক্রমণ নয়, তেহরান হুঁশিয়ারি দিচ্ছে পরমাণু কর্মসূচি আরও জোরদার করার, ও ইউরেনিয়াম এনরিচমেন্ট চালিয়ে যাওয়ার।
ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, ইজরায়েল ইরানের মাটির নিচের পরমাণু ঘাঁটিতে আঘাত হেনেছে মার্কিন বোমা ব্যবহার করে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরান আক্রমণের আগে নেতানিয়াহু সরাসরি ট্রাম্পের অনুমতি নিয়েছেন। এখন ট্রাম্প প্রকাশ্যে ইজরায়েলের পদক্ষেপকে সমর্থন করছেন, আর সেইসঙ্গে ভারত-পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধ নিয়ে সতর্কতাও উচ্চারণ করছেন।
ভারতের চিন্তা কোথায়?
ভারতের সমস্যা সরাসরি তেলের দামে। গাল্ফ অঞ্চল ভারতের সবচেয়ে বড় অপরিশোধিত তেল সরবরাহকারী এলাকা। ১৯৮৫, ১৯৯১ বা ২০০৩—প্রতিবারই যুদ্ধের আগুন এসে লেগেছে ভারতের আমদানি খরচে, পেট্রোল-ডিজেলের দামে, আর সেখান থেকে সাধারণ মানুষের জীবনযাত্রায়। বর্তমানে ভারতের ৮৫ শতাংশ অপরিশোধিত তেলই আমদানি করা হয়। যদি তৃতীয় গাল্ফ যুদ্ধ শুরু হয়, তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়বে হু-হু করে। ফলত, ব্যালান্স অফ পেমেন্ট থেকে শুরু করে মুদ্রাস্ফীতি, সমস্ত কিছুই হুড়মুড়িয়ে চাপ ফেলবে ভারতীয় অর্থনীতির ওপর।
শেষ কথা: যুদ্ধের ছায়ায় অনিশ্চিত ভবিষ্যৎ
ইরান যদি সত্যিই পশ্চিম এশিয়ায় আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের ঘাঁটিগুলিতে হামলা করে, তাহলে বিষয়টি আর কোনওভাবেই সীমিত সংঘর্ষ থাকবে না। এই পরিস্থিতিতে আমেরিকা যদি বড়সড় সামরিক প্রতিক্রিয়া দেয়, তাহলে তৃতীয় উপসাগরীয় যুদ্ধ আর শুধুই আশঙ্কা নয়, এক নির্মম বাস্তবতায় পরিণত হতে সময় লাগবে না।
বিশ্ব রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন আসছে, তার আঁচ গাল্ফ থেকেই আসছে। এবার ভারত প্রস্তুত তো?







