আবার চেনা ছন্দে ফিরলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আন্তর্জাতিক যোগদিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলবদল করে বিজেপিতে আসা নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন দিলীপ। তাঁর স্পষ্ট অভিযোগ, “সিপিএম-তৃণমূল থেকে আসা অনেকেই হিংসা ও দুর্নীতির সঙ্গে যুক্ত। তাঁরা বিজেপির উদার রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না।” কেন্দ্রীয় নেতৃত্ব গাইডলাইন দিলেও তা মানা হচ্ছে না বলেও ক্ষোভ উগরে দেন তিনি।
এই মন্তব্য ঘিরে রাজ্য বিজেপিতে শুরু হয়েছে তরজা। দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, “যাঁরা বিজেপিতে এসেছেন, তাঁরা তো কেন্দ্রীয় নেতৃত্বের অনুমতিতেই এসেছেন। এ কথা বলা কতটা যুক্তিযুক্ত?”
অন্যদিকে, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর তির্যক মন্তব্য, “দিলীপ ঘোষ ঠিকই বলেছেন। টাকা নিতে তো শুভেন্দু অধিকারীকেই দেখা গিয়েছে, দিলীপ ঘোষকে নয়।” তাঁর দাবি, “২০২৬-এর ভোটে তৃণমূলের জয় নিশ্চিত, কারণ বিজেপি নিজের ঘরেই লড়াই করছে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষের এই বক্তব্য আসলে শুভেন্দু-সহ দলবদলুদের দাপটের বিরুদ্ধে ‘আদি’ গোষ্ঠীর চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ। ফলে বিজেপির অন্দরেই এখন স্পষ্ট গোষ্ঠীদ্বন্দ্বের ছবি। নির্বাচনের আগে এই অন্তর্দ্বন্দ্বই গেরুয়া শিবিরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।







