রাজনীতি নয়, বরাবরই ক্রিকেট তাঁর ধ্যানজ্ঞান। একাধিকবার গুঞ্জন উঠেছে—তিনি নামছেন নির্বাচনের মাঠে, হয়তো আসন লক্ষ্য মুখ্যমন্ত্রীর! কিন্তু মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জবাব এ বার স্পষ্ট ও খোলা গলায়—
“আমি ধর্মে আছি, জিরাফে নেই। মানে ক্রিকেটে আছি, রাজনীতিতে নয়।”
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ যেন বলে দিলেন, অফস্ট্যাম্পের বাইরে যাওয়া সব বল ছেড়ে দেওয়ার অভ্যাস এখনও ছাড়েননি। ছাব্বিশের ভোট থেকে মুখ্যমন্ত্রীত্বের গুঞ্জন—সবই তাঁর ডিফেন্সের সামনে নিষ্প্রভ। কিন্তু কোচিং নিয়ে? সোজাসুজি বললেন, “দেখা যাক আগামীতে কী হয়! আমি সব সময় তৈরি।”
ক্রিকেট, নেতৃত্ব আর অভিজ্ঞতার মহারাজ
ক্রিকেট প্রশাসনের অলিন্দে সৌরভের যাত্রা আজও উদাহরণ হয়ে রয়েছে। সিএবি-র চৌকাঠ পেরিয়ে বিসিসিআইয়ের সর্বোচ্চ পদে পৌঁছেছেন। বিশেষত মেয়েদের ক্রিকেটকে এগিয়ে দেওয়ার কৃতিত্বও স্বীকার করেছেন বিনয়ের সঙ্গে—
“আমি মেয়েদের ক্রিকেটকে প্রোমোট করাই সবচেয়ে বড় সাফল্য বলে মনে করি।”
তবে প্রশ্ন উঠছে—পুরুষদের ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় কি সৌরভের জায়গা হতে পারে? জাতীয় দলের কোচ হিসেবে কি তাঁকে ভাবা হচ্ছে? জবাবে একটু চওড়া হেসে বললেন,
“আমি এখনও মাত্র ৫০… আসলে ৫৩! সব সময় তৈরি আছি। কিন্তু বাকিটা সময়ই বলবে।”
রাজনীতি নিয়ে সাফ না, মুখ্যমন্ত্রিত্ব নিয়ে রহস্য!
সাংবাদিকদের একের পর এক রাজনৈতিক প্রশ্নে একবাক্যে উত্তর দিয়েছেন,
“রাজনীতি নিয়ে আমি একেবারেই আগ্রহী নই।”
তবে মুখ্যমন্ত্রীত্বের সম্ভাবনা নিয়ে মুখে কুলুপ—এটাই বাড়িয়ে দিচ্ছে জল্পনার পারদ।
কিছু মানুষ জন্মায় রাজনীতির জন্য, কিছু মানুষ রাজনীতি তাঁদের জন্য অপেক্ষা করে—সৌরভের ক্ষেত্রে ঠিক কোনটা সত্যি হবে, তা সময়ই বলবে। আপাতত, ‘মহারাজ’ ব্যাটে-বলে খেলছেন নিজের ছন্দে, নিজের খেলায়।







