খেলাধুলা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ আইসিসির, চ্যাম্পিয়ন ভারত থেকে মাত্র দু’জন

ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ষষ্ঠবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে ভারত। তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রকাশিত প্রতিযোগিতার সেরা একাদশে জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন ভারতের মাত্র দু’জন ক্রিকেটার। রানার্স ইংল্যান্ডের তিন জন ক্রিকেটার রয়েছেন এই দলে। এমনকি সেমিফাইনালে উঠতে না পারা দল থেকেও চার জন ক্রিকেটার জায়গা পেয়েছেন আইসিসির নির্বাচিত একাদশে।

ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে নজর কাড়েন ১৪ বছরের ব্যাটার বৈভব সূর্যবংশী। সেই সঙ্গে গোটা প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন তিনি। স্বাভাবিক ভাবেই আইসিসির সেরা একাদশেও জায়গা পেয়েছেন বৈভব। ভারতের হয়ে সেরা একাদশে রয়েছেন আরও এক ক্রিকেটার—বিশ্বজয়ী দলের স্পিনার অলরাউন্ডার কণিষ্ক চৌহান।

তবে চমকপ্রদ ভাবে আইসিসির সেরা একাদশে জায়গা হয়নি ভারতীয় দলের অধিনায়ক আয়ুষ মাত্রের। নির্বাচিত হননি বাঙালি উইকেটরক্ষক-ব্যাটার অভিজ্ঞান কুন্ডু। পাশাপাশি বিহান মলহোত্র, বেদান্ত ত্রিবেদী এবং অ্যারন জর্জের মতো ক্রিকেটারেরাও নির্বাচকদের মন জয় করতে ব্যর্থ হয়েছেন।

আইসিসি ঘোষিত সেরা একাদশে দুই ওপেনার হলেন ভারতের বৈভব সূর্যবংশী এবং শ্রীলঙ্কার ভিরান চামুদিতা। তিন নম্বরে রয়েছেন আফগানিস্তানের ফয়জল খান শিনোজ়াদা। চার নম্বরে ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার থমাস রিউ, যিনি এই দলের অধিনায়কও। পাঁচ নম্বরে অস্ট্রেলিয়ার অলিভার পিক এবং ছ’নম্বরে ইংল্যান্ডের বেন মায়েস। সাত নম্বরে ভারতের কণিষ্ক চৌহান। আট নম্বরে আফগানিস্তানের নুরিস্তানি ওমরজ়াই। ন’নম্বরে ওয়েস্ট ইন্ডিজ়ের ভিটেল লায়োয়েস। ১০ নম্বরে পাকিস্তানের আলি রাজা এবং ১১ নম্বরে ইংল্যান্ডের মানি লামসডেন। দ্বাদশ সদস্য হিসাবে রাখা হয়েছে ভারতের অলরাউন্ডার হেনিল পটেলকে।

অপরাজিত চ্যাম্পিয়ন হলেও ভারতের মাত্র দু’জন প্রতিনিধি সেরা একাদশে জায়গা পাওয়ায় প্রশ্ন উঠেছে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে। উল্লেখ্য, আইসিসির এই সেরা একাদশ নির্বাচন করেছেন ইয়ান বিশপ, অ্যান্ডি ফ্লাওয়ার, লিডিয়া গ্রিনওয়ে এবং টেলফোর্ড ভাইস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.