বিদেশ

চতুর্থ সন্তানের বাবা-মা জেডি ও উষা ভ্যান্স, নবজাতকের নাম জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তাঁর স্ত্রী উষা ভ্যান্সের পরিবারে এলো নতুন সদস্য। দম্পতির ঘর আলো করে জন্ম নিয়েছে তাঁদের চতুর্থ সন্তান, একটি পুত্রসন্তান। শিশুটির নাম রাখা হয়েছে অ্যালেক নীল ভ্যান্স। মেরিল্যান্ডের বেথেসডায় অবস্থিত ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তার জন্ম হয়েছে।

সামাজিক মাধ্যম এক্স (X)-এ সুখবরটি নিজেই জানান জেডি ভ্যান্স। তিনি লেখেন, উষা ও নবজাতক দু’জনেই সুস্থ রয়েছেন। পাশাপাশি তাঁদের তিন সন্তানও নতুন ভাইকে ঘিরে ভীষণ উচ্ছ্বসিত। চিকিৎসক ও হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

এই সন্তানের জন্মকে ঘিরে আরও একটি ঐতিহাসিক দিক সামনে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের দাবি, গত দেড়শো বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনও দায়িত্বে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট কর্মরত অবস্থায় সন্তানের বাবা হলেন।

এর আগে জেডি ও উষা ভ্যান্সের তিন সন্তান রয়েছে— ২০১৭ সালে জন্ম নেয় ইওয়ান, ২০২০ সালে বিবেক এবং ২০২১ সালে কন্যা মিরাবেল। এবার সেই পরিবারে যোগ দিল ছোট্ট অ্যালেক।

জেডি ভ্যান্স ও ভারতীয় বংশোদ্ভূত উষা ভ্যান্সের পরিচয় হয়েছিল ইয়েল ল স্কুলে পড়ার সময়। ২০১৩ সালে আইনশাস্ত্রে স্নাতক সম্পন্ন করার পর ২০১৪ সালে তাঁরা আন্তঃধর্মীয় রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিয়ের অনুষ্ঠানে একদিকে যেমন হিন্দু পুরোহিত ছিলেন, তেমনই উপস্থিত ছিলেন একজন ক্যাথলিক যাজকও।

চতুর্থ সন্তানের প্রসঙ্গে জেডি ভ্যান্স আগে একটি অনুষ্ঠানে মজার অভিজ্ঞতার কথাও শোনান। তিনি জানান, একসময় উষাকে চতুর্থ সন্তানের জন্য রাজি করাতে গিয়ে স্ত্রী মজা করে বলেছিলেন, “হয় তুমি মার্কিন ভাইস প্রেসিডেন্ট হবে, নয়তো চতুর্থ সন্তানের বাবা—দুটো একসঙ্গে সম্ভব নয়।” পরে হাসতে হাসতেই ভ্যান্স বলেন, শেষ পর্যন্ত তাঁর জীবনে দুটোই সত্যি হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, জেডি ভ্যান্স একাধিকবার তাঁর ভারতীয় বংশোদ্ভূত শ্বশুরবাড়ির সদস্যদের প্রশংসা করেছেন। তাঁর মতে, অভিবাসীরা আমেরিকার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তাঁর শ্বশুরবাড়ির সদস্যরাও সেই ইতিবাচক অবদানের অন্যতম উদাহরণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.