এক বিপর্যয়ের ক্ষত এখনও শুকোয়নি, তার মধ্যেই ফের বন্যার আশঙ্কায় কাঁপছে নেপাল। ভয়াবহ হড়পা বানের পর এবার ভোতে কোশি নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় নতুন করে সতর্কতা জারি করেছে প্রশাসন। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার ভোরেই বহু মানুষের মোবাইলে পৌঁছে যায় বন্যার সতর্কবার্তা।
এর মধ্যেই সামনে এসেছে আরও উদ্বেগের খবর। উজানে নতুন করে জলপ্রবাহ বাড়ার তথ্য পাওয়ার পর পরিস্থিতির উপর নজরদারি শুরু করেছে নেপাল ও চিনের প্রশাসন। চিনা কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতেই সর্বশেষ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন নেপালের বিপর্যয় মোকাবিলা সংস্থার আধিকারিকরা।
গত ২৬ আগস্টের ভয়াবহ বিপর্যয়ে নেপাল ও তিব্বতে প্রাণহানির সংখ্যা ইতিমধ্যেই ৮০০-র কাছাকাছি পৌঁছেছে। নেপালে ৭৮৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং নিখোঁজ রয়েছেন ২,৫০২ জন। তিব্বতে আরও ১৬ জনের মৃত্যুর খবর রয়েছে। নিখোঁজের তালিকাতেও রয়েছেন শত শত বিদেশি নাগরিক।
সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে পাহাড়ি এলাকায় নতুন করে তৈরি হওয়া জলাধারকে ঘিরে। চিনা সংবাদমাধ্যমের দাবি, একটি ঝুঁকিপূর্ণ এলাকায় এখনও প্রায় ১৪ লক্ষ ঘনমিটার জল জমে রয়েছে। ফলে পরিস্থিতি সামান্য বদলালেই ফের বড়সড় বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এদিকে ধাদিং-সহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ধ্বংসস্তূপ সরিয়ে নিজেদের ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী উদ্ধারের চেষ্টা করছেন বাসিন্দারা। বহু রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও বিচ্ছিন্ন যোগাযোগ।
বিশেষজ্ঞদের মতে, হিমালয় অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব ভবিষ্যতে হিমবাহ ও পাহাড়ি জলাধারজনিত বিপদের ঝুঁকি আরও বাড়াতে পারে। ফলে একের পর এক সতর্কবার্তায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে নেপালজুড়ে।







