কলকাতা

২১ জুলাইয়ের আগের দিন বিধানসভায় বড় পদক্ষেপ, ১৯৯৩ গুলিকাণ্ড কমিশনের রিপোর্ট প্রকাশে শুভেন্দু

মঙ্গলবার, ২১ জুলাইয়ের ঠিক আগের দিন পশ্চিমবঙ্গ বিধানসভায় গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৯৯৩ সালের ২১ জুলাই কলকাতায় পুলিশের গুলিচালনার ঘটনার তদন্তে গঠিত বিচারপতি (প্রয়াত) সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিশনের সুপারিশ সোমবারই বিধানসভায় উপস্থাপন করবেন বলে জানান তিনি। অধিবেশনের শুরুতেই স্পিকারের কাছে বিকেলে কিছুটা সময় চেয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওই সময়েই তিনি কমিশনের রিপোর্ট নিয়ে বক্তব্য রাখতে চান। বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেন, “আপনারা আগামীকাল ২১ জুলাই শহিদ দিবস পালন করবেন, অথচ আপনাদের সরকার যে কমিশন গঠন করেছিল, সেই কমিশনের রিপোর্ট কখনও প্রকাশ করেনি।”

২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের মহাকরণ অভিযানে পুলিশের গুলিচালনার ঘটনা খতিয়ে দেখতে বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেন।

তদন্ত চলাকালীন কমিশন ৩০০-রও বেশি সাক্ষীর বয়ান রেকর্ড করে। ২০২৪ সালে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট রাজ্য সরকারের হাতে জমা দেয়। সেই রিপোর্টে তৎকালীন বাম আমলের একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের সুপারিশ করা হয়েছিল। তবে সেই রিপোর্ট বিধানসভায় পেশ করা হয়নি এবং সুপারিশ অনুযায়ী সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

৩৩ বছর আগে যুব কংগ্রেসের মহাকরণ অভিযানের নেতৃত্বে ছিলেন তৎকালীন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসে তিনি গুরুতর আহত হন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে ১৩ জনের মৃত্যু হয়।

সেদিনের ঘটনার পর আন্দোলনকারীদের বিরুদ্ধে মধ্য কলকাতার পাঁচটি থানায় প্রায় চারশো মামলা দায়ের করেছিল কলকাতা পুলিশ। ভোটার পরিচয়পত্র বাধ্যতামূলক করার দাবিসহ একাধিক ইস্যুতে আয়োজিত ওই অভিযানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে হাজার হাজার মানুষ রাইটার্স বিল্ডিংসের উদ্দেশে মিছিল করেছিলেন।

গুলিতে নিহতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়াতে তৎকালীন সময়ে একটি বিশেষ তহবিল গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পরও দল ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে বিভিন্নভাবে সহায়তা করে।

তবে কমিশনের সুপারিশ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠেছে। কমিশনের রিপোর্টে নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা এবং আহতদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করা হয়েছিল। পাশাপাশি রিপোর্টে উল্লেখ করা হয়, সেদিন গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি এবং ঘটনার নেপথ্যে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিতও রয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হল, এই কমিশনের সামনে সাক্ষ্য দিয়েছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুসহ বামফ্রন্টের একাধিক শীর্ষ নেতা। রিপোর্ট জমা পড়ার প্রায় দুই বছর পর, ২১ জুলাইয়ের ঠিক আগের দিন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে সেই কমিশনের সুপারিশ বিধানসভায় প্রকাশ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.