কোলাঘাটে শুভেন্দু অধিকারীর অফিস এবং বাড়ি তল্লাশিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। কোলাঘাট থানায় দায়ের হওয়া এফআইআর-এর ওপর বর্তাল এই অন্তর্বর্তী স্থগিতাদেশ। জারি করেছেন বিচারপতি অমৃতা সিনহা, স্থগিতাদেশ জারি আগামী ১৭ জুন পর্যন্ত। আগামী ১১ জুন এই মামলার পরবর্তী শুনানি।
বিশেষভাবে উল্লেখ্য, এদিন আদালতে শুভেন্দুর হয়ে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য দাবি করেন, গত ২০ মে কোনও সার্চ ওয়ারেন্ট ছাড়াই কোলাঘাটের অফিসে উপস্থিত হয় পুলিআ। পুলিসের তরফে স্বতঃপ্রণোদিত এফআইআরও দায়ের করা হয়েছিল বলে দাবি তাঁর।
অন্যদিকে, রাজ্যের তরফে আইনজবী সম্রাট সেন সওয়াল করেন, এই মামলার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী অভিযুক্ত বা সাক্ষী নন। এবং যে বাড়িটিতে তল্লাশি চালানো হয়েছিল, তা শুভেন্দু অধিকারীর বাড়ি নয়। প্রশ্ন তোলা হয়, যদি কোনও অভিযোগ আসে, তাহলে তা কি খতিয়ে দেখবে পুলিস? রাজ্যের তরফে আরও দাবি, পুলিসের তদন্তে বাধাদান করা হয়। বেশ কয়েকটি ঘর তালা বন্ধ অবস্থাতেও ছিল। যার দরুন পুলিস প্রবেশ করতে পারেনি।
যা শুনে বিচারপতি সিনহা বলেন, অভিযোগ পাওয়ার পরেই কি পুলিশ চলে যায়? ক’টি ক্ষেত্রে পুলিস অভিযোগ পেয়ে চলে যায়? অনুসন্ধান করা কি চলে না সেক্ষেত্রে? দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি উক্ত মামলায় তদন্তের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করেন।







