বিনোদন

‘কাঁটা লাগা গার্ল’ আর নেই: হৃদরোগে মৃত্যু হল শেফালি জরিওয়ালার, বলিউডে শোকের ছায়া

বলিউডে নেমে এল গভীর শোকের ছায়া। শুক্রবার (২৭ জুন) গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শেফালি জরিওয়ালা। বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওর মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি পাওয়া এই অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা বিনোদন জগৎ।

সূত্রের খবর, মুম্বইয়ের নিজের বাড়িতে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন শেফালি। সঙ্গে সঙ্গে স্বামী অভিনেতা পরাগ ত্যাগী ও তাঁর তিনজন ঘনিষ্ঠ বন্ধু তাঁকে অন্ধেরির বেলভিউ মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, হাসপাতালে পৌঁছনোর আগেই শেফালির মৃত্যু হয়েছে।

২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের রিমিক্স ভিডিওয় তাঁর চাবুক পারফরম্যান্স আজও দর্শকের মনে গেঁথে রয়েছে। পরে ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে অভিনয় করেন, পাশাপাশি ‘বিগ বস ১৩’, ‘নচ বালিয়ে ৫ ও ৭’-এর মতো জনপ্রিয় রিয়্যালিটি শোতেও অংশ নেন।

তবে গ্ল্যামারের আড়ালে শেফালির জীবনে ছিল অনেক লড়াই। দীর্ঘদিন ধরে এপিলেপ্সি ও ডিপ্রেশনের সঙ্গে সংগ্রাম করেছেন তিনি। ২০০৪ সালে সংগীতশিল্পী হারমীত সিং (Meet Brothers) -এর সঙ্গে তাঁর বিয়ে হলেও তা টেকেনি। ২০০৯ সালে বিচ্ছেদ হয়। এরপর ২০১৫ সালে তিনি পরাগ ত্যাগীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন বহু বলিউড তারকা ও অনুরাগী। গায়ক মিকা সিং ইনস্টাগ্রামে লিখেছেন, “দারুণ মর্মাহত… বিশ্বাসই করতে পারছি না।”
‘বিগ বস ১৩’ -এর সহ-প্রতিযোগী তহসিন পুনাওয়ালা লিখেছেন, “শেষবার এক পার্টিতে দেখা হয়েছিল। ভাবতেই পারছি না আর নেই। #সিদ্ধার্থশুক্লার পর এবার শেফালি! জীবন কতই না অনিশ্চিত!”

নেটিজেনদেরও একাধিক পোস্টে ফুটে উঠেছে গভীর দুঃখ ও শোক। কেউ লিখেছেন, “’কাঁটা লাগা’-তে প্রথম বার যাকে দেখেছিলাম, তিনি আজ স্মৃতি হয়ে গেলেন। রেস্ট ইন পিস শেফালি।”
আবার কেউ প্রশ্ন তুলেছেন, “আজকাল কেন এত তারকা অল্প বয়সেই হৃদরোগে প্রাণ হারাচ্ছেন? স্বাস্থ্যসচেতনতা, জিম, সব কিছু থাকা সত্ত্বেও এমন মর্মান্তিক পরিণতি কেন?”

‘কাঁটা লাগা গার্ল’ হয়তো আর নেই, কিন্তু তিনি যেভাবে এক প্রজন্মের হৃদয়ে ঝড় তুলেছিলেন, তা আজীবন অমলিন থাকবে।
ওম শান্তি, শেফালি জরিওয়ালা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.