আবহাওয়া

ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ! বঙ্গে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস

নতুন করে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তারই জেরে রবিবার থেকে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বৃষ্টির এই পর্ব শুরু হয়ে গিয়েছে আজ থেকেই।

শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা কোথাও মাঝারি কোথাও ঝিরঝিরে বৃষ্টি চলছে। বিক্ষিপ্তভাবে আজ দিনভর এই বৃষ্টি চলবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আজ থেকে শুরু করে জুলাই মাসের তিন তারিখ পর্যন্ত দফায় দফায় এই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বৃষ্টির পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এমনকী পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টি থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি জেলাতেও। মোটের উপর আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলায়-জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।পাশাপাশি কলকাতা শহরেও আজ দিনভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সোমবার শহর কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

আজ থেকে ৩ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিপাত চলবে। কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।নিম্নচাপের প্রভাবে উত্তাল হতে পারে সমুদ্র। রবিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে সতর্কতা।

কলকাতায় তাপমাত্রা
শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি৷ সর্বাধিক ৯৮ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। আজ থেকে ৩ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.