কলকাতার অন্যতম আইন শিক্ষাপ্রতিষ্ঠান সাউথ ক্যালকাটা ল কলেজ–এর চত্বরে ভয়াবহ এক ঘটনায় কেঁপে উঠেছে গোটা রাজ্য। শুক্রবার সন্ধেয়, কলেজের মধ্যে দাঁড়িয়ে থাকা ভাইস প্রিন্সিপাল এবং মূল গেট পাহারা দেওয়া গার্ড থাকা সত্ত্বেও, এক ছাত্রীকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে চলে নিগ্রহ ও পাশবিক নির্যাতন। ঘটনাস্থল? কলেজ চত্বরের অভ্যন্তরেই।
এই ঘটনায় রীতিমতো স্তব্ধ শহরবাসী। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে জানিয়েছেন— “এ ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্তযোগ্য নয়।” কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, এবং সোমবার জরুরি গভর্নিং বডি মিটিং ডাকার নির্দেশও জারি হয়েছে।
এত নিরাপত্তা সত্ত্বেও কিভাবে এমন ভয়ানক গাফিলতি? প্রশ্ন উঠছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা আদৌ কতটা আছে।
ঘটনার পর ফের সামনে এসেছে ইউনিয়ন কালচার, দাদাগিরি আর রাজনৈতিক একচেটিয়াতন্ত্রের বিষয়টি। অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজ ক্যাম্পাসে শাসক ছাত্র সংগঠনের দাপট চলছে। বিরোধী রাজনৈতিক দলগুলি প্রতিবাদে সরব, পথে নেমে বিক্ষোভও শুরু হয়েছে।
তৃণমূল কংগ্রেস দাবি করেছে, অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের গুরুত্ব বিচার করে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ ছাড় পাবে না।
এদিকে, নারী নির্যাতন প্রতিরোধে ‘অপরাজিতা বিল’ দ্রুত কার্যকর করার দাবি জোরালো হয়েছে।
এই ঘটনা শুধু একটি ছাত্রী নয়— প্রশ্ন তুলেছে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার নিরাপত্তা, নৈতিকতা আর ন্যায়বিচার ব্যবস্থার ওপর।







