আরজি করের তরুণী চিকিৎসকের মর্মান্তিক ঘটনা যেন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ‘থ্রেট কালচার’-এর মুখোশ খুলে দিয়েছিল। এবার কসবা গণধর্ষণ কাণ্ড সেই ধারাবাহিকতায় সামনে আনছে সাউথ ক্যালকাটা ল কলেজে বহুল চর্চিত ‘অ্যাডমিশন সিন্ডিকেট’-এর অন্দরকাহিনি।
অভিযোগ, কলেজে ভর্তির জন্য চালু ছিল পাকাপাকি রেট—প্রতি আসনের দাম ২ লক্ষ টাকা! কলেজেরই একাংশ ছাত্রের দাবি, কাউন্সেলিংয়ের সময়ে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) এক নেতা কলকাঠি নাড়তেন। যিনি বর্তমানে ধর্ষণের অভিযোগে গ্রেফতার। তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রবেশিকা পরীক্ষায় নাম না থাকলেও টাকা দিলেই হত ভর্তি।
এই সিন্ডিকেট শুধু ওই ছাত্রনেতা নয়, তাঁকে মদত দিতেন শাসক দলের এক প্রবীণ বিধায়ক, যিনি বার কাউন্সিলেরও উচ্চপদস্থ। অভিযোগ উঠেছে, ‘জেঠুর লোক’ পরিচয়েই চলত ক্ষমতার দাপট। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে অভিযুক্তের সঙ্গে বিধায়কের একাধিক ঘনিষ্ঠ ছবি।
বিরোধীরা মুখ খুলেছে। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, “২০১১-য় তৃণমূল ক্যাম্পাস দখল করার পর থেকেই সিন্ডিকেটের জন্ম। এখন মেধা নয়, টাকাই সব।” বিজেপির শঙ্কুদেব পণ্ডার কথায়, “এন্ট্রান্স পাস করেও অনেক ছাত্র আজ জায়গা পায় না।”
তবে টিএমসিপি-এর কেন্দ্রীয় নেতৃত্ব অভিযুক্তের দায় নিতে নারাজ। তৃণমূল বিধায়ক অশোক দেব বলেন, “ছাত্ররা ভালোবেসে জেঠু বলে ডাকে। কিন্তু কেউ যদি অন্যায় করে, তার শাস্তি হোক।”
সোমবার কলেজে গভর্নিং বডির বৈঠক, চোখ থাকবে রাজ্যের শিক্ষাঙ্গনের দিকে।







