খেলাধুলা

দ্বিতীয় টেস্টের আগে শুভমনের ডাক, ভারতীয় নেটে নতুন চমক

প্রথম টেস্টে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। আর সেই প্রস্তুতিরই অঙ্গ হিসেবে এক নতুন কৌশলের পথে হাঁটলেন অধিনায়ক শুভমন গিল। কোনও বোর্ড নির্দেশ বা নির্বাচক সিদ্ধান্ত নয়—ব্যক্তিগত যোগাযোগে নেট অনুশীলনে ডাক পেলেন পঞ্জাব কিংসের বাঁহাতি স্পিনার হরপ্রীত ব্রার। বার্মিংহ্যামের কাছেই স্ত্রী-র সঙ্গে সময় কাটাতে আসা এই স্পিনার সরাসরি ভারতীয় শিবিরে চলে এলেন শুভমনের আহ্বানে।

ভারতীয় বোর্ডকে দেওয়া সাক্ষাৎকারে হরপ্রীত বলেন, “আমার স্ত্রী থাকে সুইন্ডনে। ওখান থেকে বার্মিংহ্যাম এক ঘণ্টা মতো লাগে। শুভমনের সঙ্গে কথা হচ্ছিল। ও আমায় ডাকে, তাই ভাবলাম চলে যাই।” নেটে তাঁর উপস্থিতি শুধু বিশ্রাম এনে দিল না বুমরাহদের মতো মূল বোলারদের, বরং ভারতীয় ব্যাটাররাও বাঁহাতি স্পিনের বিরুদ্ধে বাড়তি অনুশীলনের সুযোগ পেলেন।

শুধু হরপ্রীতই নন, নেটে উপস্থিত ছিলেন চণ্ডীগড়ের তরুণ পেসার জগজিৎ সিং সান্ধুও। নেট বোলার হিসেবে তাঁকেও দেখা গিয়েছে বার্মিংহ্যামে। বোঝাই যাচ্ছে, দ্বিতীয় টেস্টে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ ভারতীয় শিবির। সঠিক প্রস্তুতির মাধ্যমেই হেডিংলেতে পাওয়া ধাক্কা সামাল দিতে চাইছে তারা।

প্রথম টেস্টে পাঁচটি শতরান সত্ত্বেও ৫ উইকেটে হারের ধাক্কা সহজে গিলতে পারেনি টিম ইন্ডিয়া। ২ জুলাই শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। তার আগেই বাড়তি অনুশীলন ও পরিকল্পনায় মন দিয়েছে দল। শুভমনের এমন কৌশল হয়তো ম্যাচ ঘোরাতেও পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.