বাংলা সিনেমায় গোয়েন্দা গল্প মানেই আলাদা উত্তেজনা, আলাদা আকর্ষণ। ফেলুদা ও ব্যোমকেশ বক্সীর পর এবার বাংলা সিনেমায় পা রাখছে এক আন্তর্জাতিক গোয়েন্দা চরিত্র—শার্লক হোমস। তবে এই নতুন সিনেমায় তার নাম ‘শার্লক’ নয়, বরং একদম বাঙালিয়ানা মেজাজে সে হয়ে উঠেছে—সরলাক্ষ হোমস।
সায়ন্তন ঘোষাল পরিচালিত এই নতুন রহস্যভিত্তিক ছবির নাম ‘সরলাক্ষ হোমস’। কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন অভিনেতা ঋশভ বসু, যিনি এক নতুন গোয়েন্দা চরিত্রে বাংলা দর্শকদের সামনে হাজির হতে চলেছেন। তার সঙ্গেই রয়েছেন রাজনন্দিনী পাল, কাঞ্চন মল্লিক, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, বাদশা মৈত্র প্রমুখ।
এই ছবির কাহিনিতে রয়েছে এক অভিনব টুইস্ট। সিনেমার গল্পে ব্রিটিশরা ‘সরলাক্ষ’ নামটি ঠিক করে উচ্চারণ করতে না পারায়, তারা ডাকে ‘শার্লক’ বলে। সেই ভাবনা থেকেই নির্মিত হয়েছে এই সিনেমা, যার পটভূমি লন্ডনের ধুলোমাখা রাস্তাঘাট, অন্ধকার অলিগলি আর রহস্যে মোড়া এক কেস।
অফিসিয়াল টিজার প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে আলোড়ন। ট্রেলারে একের পর এক অ্যাকশন দৃশ্য, রহস্য, থ্রিল আর নাটকীয় মুহূর্ত নজর কেড়েছে দর্শকদের। দর্শকদের প্রশ্ন, “ফেলুদা-ব্যোমকেশের পাশে এবার কি দাঁড়াতে পারবে সরলাক্ষ?”
বাংলা গোয়েন্দা সিনেমার জগতে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটাতে চলেছে ‘সরলাক্ষ হোমস’। রহস্যপ্রেমী বাঙালির জন্য এই সিনেমা নিঃসন্দেহে হতে চলেছে এক বড় উপহার।







