দেশ

শুল্কের ছায়ায় বাণিজ্য! ভারত-আমেরিকা অন্তর্বর্তী চুক্তি চূড়ান্তের পথে

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপানো প্রায় ২৬ শতাংশ পারস্পরিক শুল্কের জেরে ভারতের উপর তৈরি হওয়া চাপ সাময়িকভাবে কমলেও, স্থগিতাদেশের ৯০ দিনের মেয়াদ শেষ হতে চলেছে আগামী ৯ জুলাই। তার আগেই দু’দেশের মধ্যে অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি সম্পন্ন করার জোর প্রস্তুতি চলছে। সূত্রের খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এই চুক্তি চূড়ান্ত হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে ভারত জেনেটিক্যালি পরিবর্তিত শস্যের বাজারের দরজা খুলে দিক, যাতে তাদের কৃষি পণ্য ভারতে প্রবেশ করতে পারে। কিন্তু ভারত সরকারের আশঙ্কা, এতে দেশীয় কৃষক ও খাদ্য নিরাপত্তা চরম বিপদের মুখে পড়বে। সেই কারণেই এই বিষয়ে অনড় রয়েছে ভারত। পাশাপাশি, মার্কিন প্রশাসন ভারতীয় কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাজারেও প্রবেশের চেষ্টা চালাচ্ছে, যা ভারতের গ্রামীণ জীবিকা ও কৃষিক্ষেত্রের জন্য বড়ো চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের অনুমান, অন্তর্বর্তীকালীন চুক্তি সম্পন্ন হলে আগামী তিন বছরে আমেরিকায় ভারতের রফতানি দ্বিগুণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের শুল্ক নীতি কার্যকর হলে আমেরিকায় পণ্য রফতানিকারী বহু দেশ চাপে পড়বে, বিশেষ করে চিন। কিন্তু ভারতের সঙ্গে দ্রুত চুক্তি হলে ভারতীয় পণ্য কম শুল্কে মার্কিন বাজারে প্রবেশ করতে পারবে, যা বাণিজ্য প্রতিযোগিতায় চিনের জন্য বড়ো ধাক্কা হতে পারে। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক বোঝাপড়া কতটা সুসম্পন্ন হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.