দেশ

পারিবারিক অশান্তির বলি! রাজস্থানে জলের ট্যাঙ্কে ঝাঁপ দিয়ে আত্মঘাতী পরিবার, উদ্ধার ৪ জনের মৃতদেহ

রাজস্থানের বারমেরে থেকে উঠে এসেছে এক হৃদয়বিদারক ঘটনা। পরিবারের অন্দরে চলতে থাকা দীর্ঘদিনের অশান্তি শেষ পর্যন্ত নিয়ে গেল চরম সিদ্ধান্তে। রাতভর নিখোঁজ থাকার পর বুধবার সকালে জলের ট্যাঙ্ক থেকে একই পরিবারের চার সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, ৩৫ বছর বয়সি এক ব্যক্তি, তাঁর স্ত্রী এবং তাঁদের দুই ছোট ছেলে একসঙ্গে আত্মঘাতী হয়েছেন। আত্মহত্যার কয়েক ঘণ্টা আগেও পরিবারের মধ্যে এক আনন্দঘন মুহূর্ত চলছিল – মা মজার ছলে এক ছেলেকে সাজিয়ে দেন ঘোমটা, টিপ ও গয়নায়। সেই রূপে খুশি ছিল খুদেও, হাসছিল গোটা পরিবার। কিন্তু সেই হাসির আড়ালেই ছিল এক গভীর যন্ত্রণা, যা পরে ভয়াবহ পরিণতির রূপ নেয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, আত্মহত্যার কারণ হিসেবে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানে ওই ব্যক্তি লিখেছেন, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পারিবারিক বিবাদ চলছিল। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আলাদা বসতবাড়ি নির্মাণ করলেও পরিবার থেকে বিচ্ছিন্ন হতে পারেননি। নিজের মা ও দাদার বিরোধিতার কারণে সেই বাড়িতে উঠতে পারেননি বলেই দাবি করেছেন তিনি। এমনকি সম্পত্তি থেকেও বঞ্চিত করা হয়েছে তাঁদের।

চিঠিতে উল্লেখ রয়েছে, মৃত্যুর পর তাঁদের শেষকৃত্য যেন বাড়ির সামনেই করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনা ফের একবার সামনে আনল পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জটিলতা এবং তার মারাত্মক পরিণতির ছবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.