বিশ্বকাপ জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই ভারতীয় ক্রিকেটার স্মৃতি মন্ধানার ব্যক্তিগত জীবনে নেমে এসেছে শোকের ছায়া। এই কঠিন সময়ে প্রিয় বন্ধু এবং সতীর্থের পাশে থাকার জন্য অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) বাতিল করার মতো বড় সিদ্ধান্ত নিলেন আরেক ভারতীয় তারকা ক্রিকেটার জেমাইমা রদ্রিগেজ়।
বিবিএলে ব্রিসবেন হিটের হয়ে খেলার জন্য অস্ট্রেলিয়া গিয়েছিলেন জেমাইমা। কিন্তু তাঁর বন্ধু স্মৃতি মন্ধানার বিয়েতে যোগ দিতে ১০ দিন আগেই তিনি ভারতে ফিরে আসেন। কথা ছিল, স্মৃতির বিয়ে মিটে গেলেই তিনি অস্ট্রেলিয়া ফিরে বাকি ম্যাচগুলো খেলবেন। কিন্তু ভাগ্য অন্যরকম চাইলো।গত ২৩ নভেম্বর সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে স্মৃতির বিয়ের দিন ঠিক হয়েছিল। কিন্তু বিয়ের ঠিক আগের দিনই স্মৃতি মন্ধানার বাবা শ্রীনিবাস হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ফলে তৎক্ষণাৎ বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়। এর মধ্যেই বর পলাশ মুচ্ছলও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং তাঁর সঙ্গে অন্য এক কোরিওগ্রাফার মেরি ডি’কোস্টার সম্পর্কের কথা সামনে আসে।
পাশে থাকার সিদ্ধান্ত জেমাইমার
এমন কঠিন পরিস্থিতিতে বন্ধুকে একা ফেলে অস্ট্রেলিয়ায় ফিরে যেতে চাননি জেমাইমা। তিনি ব্রিসবেন হিটের কাছে আবেদন করেন যে তিনি আর এই মরসুমে বিবিএলে খেলতে পারবেন না। ব্রিসবেন হিট কর্তৃপক্ষ জেমাইমার এই মানবিক আবেদন মঞ্জুর করেছে।ব্রিসবেন হিটের সিইও টেরি ভেনসন এক বিবৃতিতে জানিয়েছেন, “আমরা বিবিএলের বাকি মরসুমের জন্য জেমাইমাকে ছেড়ে দিতে রাজি হয়েছি। জেমি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সানন্দে ওকে ভারতে থাকার অনুমতি দিলাম। জেমি এবং স্মৃতি মন্ধানার পরিবারের জন্য আমাদের শুভ কামনা রইল।”জেমাইমা এই মরসুমে ব্রিসবেন হিটের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন। দলের হয়ে খেলতে না পারায় তিনি হতাশ, কিন্তু বন্ধুর পাশে থাকা তাঁর কাছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বার্তাই দিয়েছেন জেমাইমা।







