যাঁকে আইপিএল ট্রফি এনে দিতে পারেননি, সেই ফাফ ডুপ্লেসিই এবার গড়লেন ইতিহাস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও তাঁর ব্যাট যেন থামতেই চায় না। অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে এবার বিশ্বরেকর্ড করে ফেললেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। পেছনে ফেললেন বিরাট কোহলিকে, যাঁকে বহু দিন ধরেই এই বিভাগে শীর্ষে রাখা হচ্ছিল।
বর্তমানে আমেরিকার মেজর লিগ ক্রিকেটে টেক্সাস সুপার কিংসের হয়ে খেলছেন ডুপ্লেসি। সিয়াটেল ওরকাসের বিরুদ্ধে ম্যাচে ৫২ বলে ৯১ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। তারপর রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন। এই ইনিংসের দৌলতে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসাবে তাঁর রান এখন ৬,৫৭৫। খেলেছেন ২০২ ইনিংস। এর মধ্যে আটটি শতরান ও ৪৫টি হাফসেঞ্চুরি রয়েছে। কোহলির অধিনায়কত্বে রান ছিল ৬,৫৬৪।
এই রেকর্ডে ডুপ্লেসি প্রথম, দ্বিতীয় স্থানে কোহলি, আর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে জেমস ভিন্স (৬৩৫৮), মহেন্দ্র সিং ধোনি (৬২৮৩) ও রোহিত শর্মা (৬০৬৪)। তবে সামগ্রিকভাবে টি-টোয়েন্টি ফরম্যাটে রানের তালিকায় এখনও শীর্ষে কোহলি (১৩,৫৪৩)।
আইপিএলে একসময় কোহলির নেতৃত্বের পর বেঙ্গালুরুকে তিন বছর নেতৃত্ব দিয়েছিলেন ডুপ্লেসি। কিন্তু ট্রফি অধরা ছিল। সেই অধিনায়কই এখন বিশ্বরেকর্ডের মালিক। সময় কখনও কাউকে ছোট করে না, আবার কখনও সে-ই কাউকে চিরস্মরণীয় করে তোলে।







