পুরনো অধ্যায় শেষ, সামনে ভবিষ্যতের মঞ্চ—এই বার্তাই যেন দিলেন গৌতম গম্ভীর। ইংল্যান্ড সিরিজ়ের ঠিক আগে, ভারতের নতুন প্রজন্মকে নিয়ে শুরু হওয়া অভিযানে প্রথমবার ‘পেপ টক’ দিলেন প্রধান কোচ। যেখানে ঘুরেফিরে উঠে এলেন রোহিত শর্মা, বিরাট কোহলির অনুপস্থিতির ইঙ্গিত। গম্ভীরের বার্তা ছিল স্পষ্ট—এই দলে এখন লুকিয়ে আছে ভারতের নতুন আত্মপরিচয়।
বোর্ডের প্রকাশিত ভিডিয়োয় গম্ভীর বলেন, “আমরা চাইলে বলতে পারি, তিন অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া খেলছি। আবার এটাও বলতে পারি, আমাদের সামনে ইতিহাস গড়ার সুযোগ এসেছে। দায়বদ্ধতা, আবেগ ও আত্মত্যাগের মাধ্যমে এই সফর আমাদের স্মরণীয় করে তুলতে হবে।” তিনি বারবার বুঝিয়ে দিলেন, এই দলকে ভাবতে হবে ভিন্ন ভাবে, খেলতে হবে প্রতিটি সেশন, প্রতিটি মুহূর্ত লড়াইয়ের মেজাজে।
গম্ভীর আলাদা করে স্বাগত জানিয়েছেন করুণ নায়ার, সাই সুদর্শন ও অর্শদীপ সিংহকে। বিশেষ করে করুণের প্রসঙ্গে তিনি বলেন, “সাত বছর পর দলে ফেরা কোনও সহজ কাজ নয়। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতায় সে আজ এখানে। ওর মানসিকতা নতুনদের অনুপ্রাণিত করবে।”
অধিনায়ক শুভমন গিলও দলকে বলেছেন, “শুধু টিকে থাকা নয়, এখন থেকে প্রতিটি বলের মধ্যে উদ্দেশ্য খুঁজে নিতে হবে। আজ থেকেই প্রস্তুতি শুরু হোক নিজেদের ছাড়িয়ে যাওয়ার।” ইংল্যান্ড সফর যতটা কঠিন, ততটাই সম্ভাবনাময়। আরসিবির প্রাক্তন নেতা এখন জাতীয় দলের ছক কষছেন, তাতে নতুন কিছুর সূচনা স্পষ্ট।







