নিজস্ব সংবাদদাতা: বিজনবাড়ির বাসিন্দা সিদ্ধান্ত ছেত্রী কিছুদিন আগে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হয়েছিলেন। আজ তার মৃতদেহ বাড়িতে আনা হয়। তার আগে শালুগাড়ার আর্মি ক্যান্টনমেন্টে আসে। সেখানে তাকে গার্ড অফ অনার দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সাংসদ রাজু বিস্তা এবং বিধায়ক শঙ্কর ঘোষ।
রাজু বিস্তা জানান, সারা ভারত এই বীর সেনানায়ককে মনে রাখবে এবং তার কথা ইতিহাসের পাতায় উঠে যাবে। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। সারা ভারত তার পরিবারের পাশে থাকবে। এই শোক ভুলবার নয়। তবে দেশ তার এই বীর সন্তানকে বীরের মর্যাদা দেবে।
বিধায়ক শঙ্কর ঘোষ জানান বীর সন্তান সিদ্ধান্ত ছেত্রী দেশের সম্মান রক্ষা করতে গিয়ে সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছেন। তার কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমরা তার পরিবারের পাশে আছি। এই শোক ভুলে যাবার নয়, তবে এটা অত্যন্ত গর্বের বিষয় যে সিদ্ধান্ত ছেত্রী দেশের জন্য নিজের জীবন বিসর্জন দিলেন। ওর পরিবারের সমস্ত দায়িত্ব কেন্দ্রীয় সরকার নিজের হাতে নেবে। এদিন সিদ্ধান্ত ছেত্রীকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আসেন বহু স্থানীয় মানুষ। তাকে “গার্ড অফ অনার ” দেন সেনাবাহিনীর জওয়ানেরা। এখান থেকে তার মৃতদেহ তার বাড়িতে যাবে যেখানে তার বাবা, মা, বোন এবং সদ্য বিবাহিত স্ত্রী আছেন।
জানা গেছে তার স্ত্রী একেবারেই কথা বলবার মতন অবস্থায় নেই। তার সাথে একজন ডাক্তার আছেন।তার মৃত্যুর খবর শুনে আসতে শুরু করেছেন বহু মানুষ।আজকেই তার শেষকৃত্য করা হবে বলে জানা গেছে তার পরিবারের পক্ষ থেকে।







