নির্বাচনের প্রাক্কালে Trinamool Congress (তৃণমূল কংগ্রেস) ঘিরে আইপ্যাককে নিয়ে জোর জল্পনার মাঝেই দলীয় তরফে এল কড়া প্রতিক্রিয়া। একটি অফিসিয়াল বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে Indian Political Action Committee (IPAC)-এর কাজ বন্ধ হয়ে যাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, আইপ্যাক আগামী ২০ দিনের জন্য রাজ্যে তাদের কার্যক্রম স্থগিত করেছে। এই দাবিকে সরাসরি খারিজ করে তৃণমূল জানিয়েছে, এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এই খবরের কোনও বাস্তব ভিত্তি নেই।
দলীয় বিবৃতিতে বলা হয়েছে,
“এই ধরনের দাবি গ্রাউন্ড লেভেলে বিভ্রান্তি তৈরির একটি সুপরিকল্পিত অপচেষ্টা। IPAC-এর পশ্চিমবঙ্গ টিম All India Trinamool Congress (AITC)-এর সঙ্গে পূর্ণোদ্যমে যুক্ত রয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে।”
তৃণমূলের অভিযোগ, এই ধরনের প্রচারণামূলক বয়ান ছড়িয়ে আসল জনমতের দিক থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে ভোটের আগে এই ধরনের তথ্য ছড়ানোকে তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছে।
দল আরও জানিয়েছে, বাংলার মানুষ এই অপপ্রচার বুঝতে পারছেন এবং গণতান্ত্রিক পদ্ধতিতেই তার জবাব দেবেন। ভোটের গুরুত্বপূর্ণ দিনগুলি—২৩ ও ২৯ এপ্রিল এবং ফলাফল ঘোষণার দিন ৪ মে—এই তিনটি সময়েই জনমতের প্রকৃত প্রতিফলন দেখা যাবে বলে দাবি তৃণমূলের।
বিবৃতির শেষাংশে স্পষ্ট বার্তা, ভুল তথ্য বা ভয় দেখিয়ে বাংলার ভোটারদের প্রভাবিত করা যাবে না। রাজ্যের মানুষ গণতন্ত্রের পথেই এর জবাব দেবে।







