উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার দোহারকান্দা সীমান্তে বিএসএফ-এর তৎপরতায় রুখে দেওয়া হল এক চাঞ্চল্যকর রূপোর গহনা পাচারের চেষ্টা।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীর নাম শাহাবুদ্দিন গাজী। তার বাড়ি স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দোয়ারকান্দা সীমান্ত এলাকায়।
গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ-এর ১৪৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্তে নজরদারি চালিয়ে পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলে। ধৃত ব্যক্তি মোটরবাইকের টায়ারের টিউবের মধ্যে লুকিয়ে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল ১৬ কিলো ৭০০ গ্রাম ওজনের রূপোর গহনা।
উদ্ধার হওয়া গহনাগুলির বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষ টাকার বেশি বলে জানা গিয়েছে। ধৃত ব্যক্তিকে বাজেয়াপ্ত গহনা ও মোটরবাইক সহ তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিএসএফ-এর এমন সাফল্যে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে বলেই সূত্রের খবর। পাচারের এই অভিনব কৌশলকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত গ্রামগুলোতেও।







