বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নয়া ক্যাম্পাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নালন্দার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে মোদী জানান, এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভারতের ঐতিহ্য জড়িয়ে রয়েছে। দেশের সম্মান, পরিচয়, মূল্যবোধ এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জুড়ে আছে।
গত নির্বাচনে বৃহৎ ধাক্কা খেয়েছে বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদীর দল। তার পরবর্তীতেই এবার শপথগ্রহণের শেষে একের পর এক প্রকল্প উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। নালন্দা বিশ্ববিদ্যালয়ের নয়া ক্যাম্পাস উদ্বোধন করে মোদী বলেন, ‘দেশের তরুণদের শিক্ষার চাহিদা পূরণে অনেক দূর যেতে হবে আমাদের।’
বিশেষভাবে উল্লেখ্য, বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, বিদেশমন্ত্রী এস জয়শংকর, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-সহ রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরবিন্দ পাঙ্গারিয়া। এছাড়াও ১৭টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে।







