রথযাত্রার মরশুম মানেই পুরীতে ভক্ত ও পর্যটকদের ঢল। এই সময় ট্রেনের টিকিট পাওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে। সেই সমস্যা কিছুটা লাঘব করতেই কলকাতা ও মালদহ থেকে পুরীগামী বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে পূর্ব রেল। ফলে যাঁরা এখনও ভ্রমণের পরিকল্পনা করেও টিকিট পাননি, তাঁদের জন্য খুলে গেল নতুন সুযোগ।
পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী, কলকাতা-খুরদা রোড এবং মালদা টাউন-পুরী রুটে একাধিক দিনে বিশেষ ট্রেন চলবে।
কলকাতা-খুরদা রোড স্পেশাল ট্রেন (০৩১০১) আগামী ১৩, ১৪, ১৫, ২১, ২২ ও ২৩ জুলাই রাত ১১টা ৫০ মিনিটে কলকাতা থেকে ছাড়বে এবং পরদিন সকাল ৯টা ৩৫ মিনিটে খুরদা রোডে পৌঁছবে।
ফেরার পথে খুরদা রোড-কলকাতা স্পেশাল ১৪, ১৭, ১৮, ২২, ২৫ ও ২৬ জুলাই দুপুর ৩টা ৪০ মিনিটে ছাড়বে এবং পরদিন দুপুর ২টোয় কলকাতায় পৌঁছবে।
এই ট্রেনের স্টপেজ থাকবে আন্দুল, খড়্গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর-কেওনঝর রোড, কটক এবং ভুবনেশ্বর স্টেশনে। যাত্রীদের সুবিধার জন্য ট্রেনে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার এবং এসি কোচ রাখা হয়েছে।
অন্যদিকে, মালদা টাউন-পুরী স্পেশাল ১৪ ও ২২ জুলাই দুপুর ১টা ১০ মিনিটে মালদা টাউন থেকে ছাড়বে এবং পরদিন ভোর ৫টা ৩০ মিনিটে পুরী পৌঁছবে।
ফেরার পথে পুরী-মালদা টাউন স্পেশাল ১৭ ও ২৫ জুলাই সন্ধ্যা ৬টায় পুরী থেকে ছাড়বে এবং পরদিন সকাল ৯টা ২০ মিনিটে মালদা টাউনে পৌঁছবে।
এই ট্রেনটি ফরাক্কা, পাকুড়, রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর-শান্তিনিকেতন, বর্ধমান, ডানকুনি, আন্দুল, খড়্গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর-কেওনঝর রোড, কটক, ভুবনেশ্বর ও খুরদা রোড স্টেশনে থামবে।
রথযাত্রার সময় পুরীতে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে এবং সহজে যাতায়াতের সুযোগ করে দিতেই এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। তাই যাঁরা এখনও পুরী সফরের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এটি হতে পারে বড় স্বস্তির খবর।







