কর্মসূত্রে নিশ্চিন্তে সন্তানকে ডে-কেয়ারে রেখে অফিসে যান বহু অভিভাবক। কিন্তু সেই ভরসার জায়গাই এবার আতঙ্কের কারণ হয়ে উঠেছে। বেঙ্গালুরুর একটি কর্পোরেট ক্যাম্পাসের ডে-কেয়ারে দুই থেকে তিন বছরের শিশুদের উপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, শিশুদের কান্না থামাতে তাঁদের ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনের ড্রামের ভিতরে বসিয়ে রাখা হত, টয়লেটের জেট স্প্রে দিয়ে মুখে জল ছিটিয়ে দেওয়া হত, এমনকি বাথরুমে আটকে রাখার মতো অমানবিক শাস্তিও দেওয়া হত। অভিযোগের ভিত্তিতে পাঁচজন পরিচর্যাকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
জানা গিয়েছে, তথ্যপ্রযুক্তি সংস্থা ক্যাপজেমিনির বেঙ্গালুরু ক্যাম্পাসে পরিচালিত ওই ডে-কেয়ারে মূলত কর্মীদের সন্তানদের রাখা হত। অভিযোগ প্রকাশ্যে আসার পর তদন্তে নেমেছে পুলিশ। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে কর্নাটক রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের কাছেও পৃথক অভিযোগ জমা পড়েছে।
তদন্তকারী আধিকারিকদের দাবি, শিশুদের ভয় দেখিয়ে চুপ করানোর জন্য এই ধরনের অমানবিক আচরণ করা হত। অভিযোগ কতটা সত্য, কতদিন ধরে এমন ঘটনা চলছিল এবং আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার জেরে কর্পোরেট ক্যাম্পাসের ডে-কেয়ারগুলির নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। যেসব অভিভাবক প্রতিদিন সন্তানদের ওই কেন্দ্রের দায়িত্বে রেখে কাজে যেতেন, তাঁদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে ক্যাপজেমিনি এক বিবৃতিতে জানিয়েছে, কর্মী ও তাঁদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণই সংস্থার সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনার তদন্তে প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেঙ্গালুরুর ওই অন-ক্যাম্পাস ডে-কেয়ারটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।







