জেলা

বীরভূম থেকে কালো স্করপিওয় বস্তাভর্তি নগদ! সিবিআইয়ের চার্জশিটে উঠে এল প্রাথমিক নিয়োগ দুর্নীতির বিস্ফোরক অভিযোগ

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের চূড়ান্ত চার্জশিটে উঠে এসেছে একাধিক বিস্ফোরক অভিযোগ। তদন্তকারী সংস্থার দাবি, চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা ঘুষ তোলা হত। সেই বিপুল পরিমাণ নগদ বীরভূম থেকে কালো রঙের স্করপিও গাড়িতে করে নিয়মিত কলকাতায় পৌঁছে দেওয়া হত। অভিযোগ, সেই টাকা পৌঁছত তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক মানিক ভট্টাচার্যের কাছে।

চার্জশিট অনুযায়ী, বীরভূমের কৃষ্ণপুরের একটি আশ্রম ছিল এই অর্থ লেনদেনের অন্যতম কেন্দ্র। সেখানে বিভিন্ন জেলা থেকে সংগৃহীত নগদ অর্থ বস্তাবন্দি করে রাখা হত। পরে সেই টাকা কালো স্করপিও গাড়িতে করে কলকাতার যাদবপুরে মানিক ভট্টাচার্যের বাড়ি বা অফিসে পৌঁছে দেওয়া হত বলে দাবি সিবিআইয়ের। তদন্তে অভিযোগ, এই পুরো প্রক্রিয়ার অন্যতম মূল সমন্বয়কারী ছিলেন বীরভূমের বিভাস অধিকারী।

সিবিআই জানিয়েছে, শুধু বীরভূম নয়, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, হাওড়া ও পূর্ব মেদিনীপুর-সহ একাধিক জেলা জুড়ে গড়ে উঠেছিল সাব-এজেন্টদের একটি বিস্তৃত নেটওয়ার্ক। তাঁদের মাধ্যমে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হত। পরে সেই অর্থ এবং প্রার্থীদের নথিপত্র একত্র করে কলকাতায় পাঠানো হত।

তদন্তকারী সংস্থার দাবি, এক-একটি যাত্রায় স্করপিও গাড়িতে দুই থেকে তিনটি বস্তা থাকত। প্রতিটি বস্তায় ২০ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত নগদ রাখা হত। পাশাপাশি আলাদা বস্তায় থাকত চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্র। সিবিআইয়ের দাবি, অন্তত ১৪ থেকে ১৫ বার এইভাবে বীরভূম থেকে কলকাতায় টাকাভর্তি গাড়ি যাতায়াত করেছে এবং তার প্রমাণ তদন্তে মিলেছে।

চার্জশিটে আরও দাবি করা হয়েছে, ডিএলএড ও বিএড কলেজগুলির মাধ্যমেও চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলা হত। অফলাইন রেজিস্ট্রেশনের নামে পড়ুয়াপ্রতি অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে। কলেজ মালিকদের সঙ্গে বৈঠক করে ঘুষ দিতে রাজি প্রার্থীদের নাম পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে।

বিভাস অধিকারীর বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি সবুজ রেজিস্টার খাতা সিবিআইয়ের তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উঠে এসেছে। ওই খাতায় বিভিন্ন সাব-এজেন্টের মাধ্যমে কত টাকা সংগ্রহ হয়েছে, তার বিস্তারিত হিসাব রয়েছে বলে দাবি তদন্তকারীদের। চার্জশিট অনুযায়ী, প্রাথমিক ও উচ্চ প্রাথমিক মিলিয়ে কয়েকশো প্রার্থীর কাছ থেকে মোট ৩৫ কোটিরও বেশি টাকা সংগ্রহের উল্লেখ রয়েছে। এছাড়াও একটি লাল খাতা ও হাতে লেখা চিরকুট থেকেও বিপুল অঙ্কের অর্থ লেনদেনের তথ্য মিলেছে বলে জানিয়েছে সিবিআই।

উল্লেখ্য, এই মামলায় মানিক ভট্টাচার্যকে আগেই গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে তিনি জামিনে মুক্ত হন। চার্জশিটে উল্লেখিত অভিযোগগুলি এখনও আদালতে বিচারাধীন এবং সংশ্লিষ্ট অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.