জীবনে কখনও শর্টকাটের পথ বেছে না নেওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার জেন জি-দের উদ্দেশে তাঁর বার্তা, শর্টকাটে সাফল্য বা গন্তব্যে দ্রুত পৌঁছনো গেলেও তার পরিণতি ভয়াবহ হতে পারে। তাঁর কথায়, “শর্টকাট আপনার জীবনকে সংক্ষিপ্ত করে দিতে পারে।”
বর্তমানে ইন্টারনেটের দুনিয়ায় রিলের প্রতি তরুণ প্রজন্মের আকর্ষণ ক্রমশ বাড়ছে। অনেক সময় রিল বানানো বা তার নেশায় বিপজ্জনক কাজ করতে গিয়ে দুর্ঘটনাও ঘটছে। প্রাণহানির ঘটনাও সামনে এসেছে। এ প্রসঙ্গেই তরুণদের সতর্ক করেন প্রধানমন্ত্রী।
রেললাইন পার হওয়ার প্রসঙ্গ তুলে মোদি বলেন, অনেকেই ফুটব্রিজ ব্যবহার না করে সরাসরি রেললাইন পেরিয়ে যান। তাঁদের মনে হয়, এটাই দ্রুত গন্তব্যে পৌঁছনোর সহজ রাস্তা। কিন্তু এমন সিদ্ধান্তের ফল বহু ক্ষেত্রে ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। প্রধানমন্ত্রীর মতে, এখান থেকেই জীবনের বড় শিক্ষা পাওয়া যায়। তাই শর্টকাটের পথ এড়িয়ে অর্থবহ ও নিরাপদ পথ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
একইসঙ্গে, তরুণ-তরুণীদের বিভ্রান্ত করতে পারেন এমন ‘ইনফ্লুয়েন্সার’দের থেকেও সতর্ক থাকার কথা বলেছেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, নিট-পরীক্ষা নিয়ে বিক্ষোভের পর থেকেই জেন জি-দের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন মোদি। নতুন প্রজন্মকে তাঁদের ভাষাতেই বারবার দেশের প্রতি দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি নিট প্রশ্নফাঁসের ঘটনায় কড়া পদক্ষেপের আশ্বাস দিয়ে গভীর রাতে একাধিক ভিডিয়ো বার্তাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সেখানে তরুণদের ‘ফ্রেন্ডস’ বলে সম্বোধন করেছিলেন তিনি। সেই ভিডিয়োগুলি দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং একইসঙ্গে বাড়ে প্রধানমন্ত্রীর ফলোয়ার সংখ্যাও।






