আলাস্কার উপকূলবর্তী অঞ্চলে বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩৭ মিনিটে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৩। ভূমিকম্পের কেন্দ্র ছিল স্যান্ড পয়েন্ট দ্বীপের দক্ষিণে প্রায় ৮৭ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ২০.১ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ভয়াবহ কম্পনে আতঙ্কিত হয়ে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। প্রচণ্ড কম্পন অনুভূত হয় বিস্তীর্ণ উপকূলীয় এলাকায়।
এই শক্তিশালী ভূমিকম্পের পরই আলাস্কার দক্ষিণ উপকূল ও সংলগ্ন অঞ্চলে জারি করা হয়েছে সুনামির সতর্কতা। পামারের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, যে কোনও মুহূর্তে ভয়ানক সামুদ্রিক ঢেউ আছড়ে পড়তে পারে। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, সুনামির প্রভাবে সমুদ্রের জল উল্টো দিকে সরে যেতে পারে, যা জনমনে আরও আতঙ্কের সৃষ্টি করেছে। প্রশাসন জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে।
ভূমিকম্প ও সম্ভাব্য সুনামির কারণে উপকূলীয় এলাকাগুলিতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দলগুলো সতর্ক অবস্থানে রয়েছে। জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বার্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের অন্তর্গত হওয়ায় আলাস্কা প্রায়ই ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। তবে এত উচ্চমাত্রার ভূমিকম্প এবং তার সঙ্গে সুনামি সতর্কতায় সারা বিশ্বেই উদ্বেগ ছড়িয়েছে।







