১৭ দিনের অপেক্ষার অবসান। অবশেষে সূর্যের আলো দেখতে পেলো ৪১ জন শ্রমিক। প্রত্যেকেই এখন অস্থায়ী হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর তারপরই দারুন সুখবর। উদ্ধার হওয়া ৪১ জন শ্রমিকের প্রত্যেককেই ১লক্ষ টাকা করে পুরস্কারের ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
টানা ৪০০ ঘন্টা ওই অন্ধকার সুড়ঙ্গের মধ্যে আটকে থাকার পরেও সেখান থেকে বেরিয়ে এসে প্রত্যেকেই বলেছেন যে তারা ভালো আছেন সুস্থ আছেন। চোখে মুখে ফুটে আছে আনন্দ, মুখে হাসি। এমনকি অ্যাম্বুলেন্সে সবাই বসে হাসপাতালে গেছে।
একটানা ১৭ দিন সুড়ঙ্গের মধ্যে আটকা পরে থেকেও যে মনোবলের পরিচয় তারা দিয়েছে এবং একইসাথে সমস্ত উদ্ধারকারীরা যারা একটানা ১৭ দিন কাঁধে কাধ লাগিয়ে উদ্ধার কাজ চালিয়ে গেছে তাদের জন্য গোটা দেশ অভিভূত।
তাদের এই সাহসিকতা নিয়ে প্রশংসা করতে দেখা গেলো প্রধান মন্ত্রী নরেন্দ্র মদিকেও। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন ‘উত্তরকাশীতে শ্রমিক ভাইদের উদ্ধারকাজের সাফল্য প্রত্যেককে আবেগপ্রবণ করে দেওয়ার মতো। সুড়ঙ্গে যাঁরা আটকে ছিলেন, তাঁদের বলব, আপনাদের ধৈর্য এবং সাহস যে কাউকে প্রেরণা জোগাবে। আমি প্রত্যেকের মঙ্গল এবং সুস্বাস্থ্যের কামনা করি।’







