রাজনীতিরাজ্য

অতীতের তিক্ত অভিজ্ঞতা মনে রেখে ত্রিপুরার পথে তৃণমূল প্রতিনিধি দল, আশঙ্কা—আবারও ঘটতে পারে হামলা

ত্রিপুরার রাজনীতি ফের উত্তপ্ত! মঙ্গলবার রাতে আগরতলার তৃণমূলের রাজ্য কার্যালয়ে হামলার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটির পরই দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার সকালে ত্রিপুরার উদ্দেশে রওনা দিল তৃণমূলের প্রতিনিধি দল। দলে রয়েছেন মুখপাত্র কুণাল ঘোষ, সাংসদ সায়নী ঘোষ ও প্রতিমা মণ্ডল, মন্ত্রী বিরবাহা হাঁসদা, টিএমসিপি নেতা সুদীপ রাহা এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তাঁরা সেখানকার কর্মীদের সঙ্গে দেখা করে পরিস্থিতি পর্যালোচনা করবেন, পাশাপাশি কিছু দলীয় কর্মসূচিতেও অংশ নেবেন।

রওনা দেওয়ার আগে বিমানবন্দরে কুণাল ঘোষ বলেন, “আগরতলায় বিজেপি-ঘনিষ্ঠ দুষ্কৃতীরা আমাদের দলীয় দফতর ভাঙচুর করেছে, পুলিশ তখন চুপচাপ দাঁড়িয়ে দেখেছে। আমরা যাচ্ছি দলের নির্দেশে, তবে ভয়ও রয়েছে — কারণ অতীতে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা হয়েছে, আমাদের আটক করা হয়েছিল। গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়া হচ্ছে। আমরা যাচ্ছি, কিন্তু জানি না, ফিরব কি না।”

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর আক্রমণের প্রতিশোধ হিসেবেই তৃণমূলের দফতরে হামলা হয়েছে। তবে কুণাল ঘোষ স্পষ্ট জানিয়েছেন, “তৃণমূল কোনও শারীরিক আক্রমণকে সমর্থন করে না। খগেন মুর্মুর ওপর হামলায় আমাদের কেউ যুক্ত নয়।”

যুবনেত্রী সায়নী ঘোষ বলেন, “আমরা কর্মীদের জানাতে যাচ্ছি—ওরা একা নয়, দল পাশে আছে। বিজেপি বাংলায় আইন-শৃঙ্খলা শেখায়, অথচ ত্রিপুরায় পুলিশের সামনেই তৃণমূল অফিসে হামলা হয়! এতে বোঝা যায়, ওখানকার পরিস্থিতি কতটা ভয়াবহ।”

খগেন মুর্মুর ওপর হামলা প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমরা এমন হামলা সমর্থন করি না, তবে এটা সাধারণ মানুষের ক্ষোভ। সারা বছর ওঁরা থাকেন না, বিপদের সময় এসে ছবি তোলেন—এতে জনরোষ হবেই।”

অন্যদিকে, তৃণমূলের অভিযোগ—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই “সুর বেঁধে দিয়েছেন”, তার রেশ ধরেই ত্রিপুরায় আক্রমণ চালিয়েছে বিজেপি। যদিও বিজেপি তা অস্বীকার করে জানিয়েছে, “কোনও হামলাই হয়নি।”

এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে লেখেন, “বাংলায় ভোটে হারতে না পেরে বিজেপি এখন হিংসার পথে। ত্রিপুরায় পুলিশ দেখেও কিছু করেনি, এতে প্রমাণ মেলে ওদের প্রতিশোধপরায়ণ মানসিকতার।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.