একসময় ছিল যখন বাংলা গান গেয়ে গায়ক তাদের স্বপ্ন পূরণ করতেন কিন্তু বর্তমানে কেবলমাত্র বাংলা গান গেয়ে গায়কদের বেঁচে থাকাটাও এক প্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ৩০ টা বছর সঙ্গীত জগতে কাটানোর পরে এমনটাই জানালেন গায়ক রূপঙ্কর বাগচী। তবে এই সফরে তিনি তার দর্শক-শ্রোতা এবং সঙ্গীতমহলের সকলের কাছে কৃতজ্ঞ।
সূত্রের খবর, শুক্রবার জি ডি বিড়লা সভাঘরে আয়োজিত হবে তার গানের আসর। তিনি এ দিন তার শ্রোতাদের জন্য গাইবেন তার ৩০ বছরের কর্মজীবনে গাওয়া গান। এই ৩০ বছর কর্ম জীবন নিয়ে রূপঙ্কর জানান, “এই ত্রিশ বছরের ভাল বিষয়গুলিই শুধু মনে রেখেছি। খুব উপভোগ করেছি এই তিনটি দশক। উত্থান-পতন সকলের জীবনেই থাকে। তবে আমি ভালবাসাটাই মনে রেখেছি। অনেক মানুষ ভালবাসা দিয়েছেন। শ্রোতাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “এই জগতে আসার আগে, কোনও ভাবনাই ছিল না। গান গেয়ে টাকা রোজগার করতে হবে এবং বেঁচে থাকতে হবে। এটুকুই চেয়েছিলাম। আমি অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। গান গেয়ে রোজগার না করলে খেতে পাব না, এটাই শুধু মাথায় ছিল।”
বর্তমান প্রজন্মের শিল্পীদের নিয়ে রূপঙ্কর বলেন, “বাংলা গান গেয়ে নিজেকে দাঁড় করানো এখন কঠিন। বেতারে এখন আর বাংলা গান বাজে না। বিশেষ করে স্বাধীন বাংলা আধুনিক গান গেয়ে রোজগার করা কঠিন। বড় প্রযোজনা সংস্থার ছবিতে গান গাইলে তা-ও খানিক সম্ভাবনা রয়েছে। না হলে নতুন বাংলা গান গেয়ে এগোনো খুব কঠিন। পুরনো বাংলা গান গাইতে হবে।”







